যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭) ও নাহিদা সুলতানা বৃষ্টি (২৭) হত্যাকাণ্ডের ঘটনায় লোমহর্ষক তথ্য বেরিয়ে এসেছে। আদালতের নথিতে দেখা গেছে, এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত লিমনের রুমমেট হিশাম আবুঘারবিয়েহ (২৬) অপরাধ সংগঠনের আগে কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট 'চ্যাটজিপিটি'র কাছে লাশ গুম করার উপায় সম্পর্কে জানতে চেয়েছিল।
তদন্তকারীদের তথ্য অনুযায়ী, গত ১৩ এপ্রিল হিশাম চ্যাটজিপিটিকে প্রশ্ন করেছিল, ‘কাউকে কালো পলিথিনে ভরে ডাস্টবিনে ফেলে দিলে কী হবে?’ জবাবে চ্যাটবটটি একে বিপজ্জনক বলে সতর্ক করলেও সে পুনরায় প্রশ্ন করে, ‘তারা (পুলিশ) কীভাবে খুঁজে বের করবে?’ এছাড়া নিখোঁজ হওয়ার আগের দিন সে গাড়ির নম্বর পরিবর্তন এবং লাইসেন্স ছাড়া বন্দুক রাখার বিষয়েও অনুসন্ধান চালিয়েছিল।
গত ১৬ এপ্রিল সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের এই দুই শিক্ষার্থী নিখোঁজ হন। এক সপ্তাহ পর গত শুক্রবার টাম্পা বে এলাকার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের ওপর কালো ট্র্যাশ ব্যাগের ভেতর থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তে তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। এদিকে গত রোববার গভীর রাতে ওই ব্রিজের পাশের জলাশয় থেকে মানুষের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া দেহাংশগুলো নিখোঁজ বৃষ্টির কি না, তা নিশ্চিত হতে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে প্রসিকিউটরদের বিশ্বাস, লিমনকে যেভাবে হত্যা করে সরিয়ে ফেলা হয়েছে, বৃষ্টিকেও একইভাবে গুম করার চেষ্টা করেছে খুনি।
গোয়েন্দারা লিমন ও হিশামের অ্যাপার্টমেন্টে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ রক্তের ছোপ খুঁজে পেয়েছেন। বিশেষ রাসায়নিক ব্যবহারের মাধ্যমে দেখা গেছে, অ্যাপার্টমেন্টের প্রবেশ পথ থেকে শুরু করে রান্নাঘর ও বারান্দায় খুনের আলামত রয়েছে। শোবার ঘরের মেঝেতে পাওয়া রক্তের দাগগুলো অনেকটা মানুষের আকারের মতো ছিল। এছাড়া হিশামের কেনা ট্র্যাশ ব্যাগ এবং পরিষ্কারক সামগ্রীর রসিদও আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
হিলসবরো কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, অভিযুক্ত হিশাম আবুঘারবিয়েহর বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করে পূর্বপরিকল্পিত খুনের দুটি অভিযোগসহ আলামত নষ্টের মামলা করা হয়েছে। বর্তমানে সে পুলিশি হেফাজতে রয়েছে। আগামী মঙ্গলবার আদালতে তার জামিন অযোগ্য আটকাদেশের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে মেধাবী এই দুই শিক্ষার্থীর এমন মর্মান্তিক পরিণতিতে ফ্লোরিডার প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
/কহু