ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায়ে কূটনৈতিক পদক্ষেপ হিসেবে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অভিজ্ঞ রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদীকে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এই নিয়োগ চূড়ান্ত হয়েছে এবং শিগগিরই তিনি দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।
বর্তমান রাষ্ট্রদূত প্রণয় বর্মার স্থলাভিষিক্ত হচ্ছেন ত্রিবেদী। শুরুতে এই পদে অন্য একটি নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত রাজনৈতিক ও সাংস্কৃতিক বিবেচনায় দীনেশ ত্রিবেদীকেই বেছে নেয় দিল্লি।
বিশ্লেষকদের মতে, এই নিয়োগ কেবল প্রশাসনিক নয় বরং কৌশলগতও। পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকার কারণে বাংলা ভাষা, সংস্কৃতি ও আঞ্চলিক বাস্তবতা সম্পর্কে তার গভীর ধারণা রয়েছে- যা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে সহায়ক হতে পারে।
আরও পড়ুন
ভারতের কেন্দ্রীয় রাজনীতিতে ত্রিবেদীর অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। তিনি একসময় তৃণমূল কংগ্রেসের হয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছেন এবং রেলমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ পদ সামলেছেন। পরে রাজনৈতিক অবস্থান বদলে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন।
নতুন এই নিয়োগকে ঘিরে দিল্লি-ঢাকা সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের সঙ্গে বাংলাদেশের বর্তমান প্রশাসনের সম্পর্ক উন্নয়নের প্রেক্ষাপটে একজন ‘বাংলাভাষী’ কূটনীতিকের আগমনকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
পর্যবেক্ষকদের ধারণা, দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক যোগাযোগ আরও শক্তিশালী করতে এই নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এএডি/