ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সরকারি ভিজিডি কর্মসূচির ৫৩ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) রাতে গফরগাঁও থানার এসআই নূরুল হক বাদি হয়ে পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন।
গ্রেফতাররা হলেন, পলাশ স্থানীয় বিএনপি নেতা নজরুল মোল্লা সোহেল ১ ও সোহেল ২।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গফরগাঁও ইউনিয়নের উথুরি গ্রামের সোহেল মিয়া সরকারি ভিজিডি চাল কিনে তার বাড়ির পরিত্যক্ত রাইস মিলে মজুদ করেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে গফরগাঁও থানা পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে ৫৩ বস্তা চাল জব্দ করে।
এ বিষয়ে গফরগাঁও ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, কার্ডধারী সুবিধাভোগীদের মাঝে প্রতি মাসে ৩০ কেজি করে ভিজিডি চাল বিনামূল্যে বিতরণ করা হয়। সুবিধাভোগীরা ইউনিয়ন পরিষদ থেকে চাল নিয়ে অন্যত্র বিক্রি করে দিলে আমাদের কিছু করার থাকে না।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোরাদ জানান, মামলায় এজাহারনামীয় পাঁচ আসামির মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক একজনকে গ্রেফতারের চেষ্টা চলছে। জব্দকৃত চাল আদালতের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জোই