ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) আওতাধীন মিরপুর-১০ এলাকায় ফুটপাত হকারমুক্ত করতে নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে হকারদের মাঝে ডিজিটাল পরিচয়পত্র বিতরণ এবং নির্ধারিত বিকল্প স্থানে তাদের স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিএনসিসি সূত্রে জানা গেছে, এ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে আগামী বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকাল ৩টায় একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে গুলশান-২ নগর ভবনের লেভেল-৬ এ। জনসংযোগ কর্মকর্তা মোঃ জোবায়ের হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান। তিনি হকারদের হাতে ডিজিটাল পরিচয়পত্র তুলে দেবেন এবং তাদের নির্ধারিত বিকল্প স্থানে স্থানান্তর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
ডিএনসিসির জনসংযোগ বিভাগ জানিয়েছে, রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত জনসাধারণের চলাচলের জন্য নির্বিঘ্ন রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি হকারদের জন্য একটি সুশৃঙ্খল ও নির্ধারিত ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করাও এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।
ডিএনসিসি অনুষ্ঠানটি যথাযথভাবে প্রচারের জন্য বিভিন্ন গণমাধ্যমকে উপস্থিত থেকে মিডিয়া কাভারেজ প্রদানের অনুরোধ জানিয়েছে।