ঢাকার কেরানীগঞ্জে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সৎ ছেলের হাতে খুন হয়েছেন এক বৃদ্ধ। শুক্রবার (১ মে) ভোরে উপজেলার মডেল থানার শাক্তা ইউনিয়নের গোয়ালখালী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শাহী ইসলাম (৭০) রাজধানীর লালবাগ এলাকার প্রয়াত নুরুল ইসলামের ছেলে। তিনি পরিবারসহ কেরানীগঞ্জের শাক্তা এলাকায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সোয়া ৫টার দিকে ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে সৎ ছেলে আলামিন (২৬) ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে তার বাবার পেটে আঘাত করে। এতে ঘটনাস্থলেই শাহী ইসলামের মৃত্যু হয়।
নিহতের স্ত্রী নাজমা বেগম জানান, তার ছেলে আলামিন মাদকাসক্ত ছিলেন। দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল বলে জানান তিনি।
খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং অভিযুক্ত আলামিনকে আটক করে।
কেরানীগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) নুর আলম সিদ্দিকী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরবিএন