প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আধ্যাত্মিক নগরী সিলেটে আসছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২ এপ্রিল) এই সফরকে কেন্দ্র করে পুরো সিলেট নগরজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। রাস্তাঘাট সাজানো হয়েছে বর্ণিল সাজে, আর নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে পুরো শহর। স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা শেষ মুহূর্তের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।
প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ বিমানটি আজ সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। দিনব্যাপী তার ব্যস্ত কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত। সকাল ১১টায় নগরীর চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন। দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল (বাসিয়া নদী) খননকাজের আনুষ্ঠানিক উদ্বোধন। বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর জমকালো উদ্বোধন। বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় নেতা-কর্মীদের নিয়ে আয়োজিত বিশেষ সভায় অংশগ্রহণ।
আরও পড়ুন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মাজার জিয়ারত করতে শেষবার সিলেটে এসেছিলেন তিনি। তবে এবার প্রধানমন্ত্রী হিসেবে তার এই সফরকে কেন্দ্র করে সিলেটবাসীর মধ্যে ব্যাপক উন্নয়ন প্রত্যাশা তৈরি হয়েছে। বিশেষ করে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক এবং রেল যোগাযোগের আধুনিকায়নের বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলো বিশেষভাবে সংস্কার ও সজ্জিত করা হয়েছে। বিশেষ করে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ পরিদর্শন ও বাসিয়া নদী খনন কার্যক্রম সিলেটের উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে।
সফরের অন্যতম আকর্ষণ ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’। সিলেট জেলা স্টেডিয়ামে ১১টি ডিসিপ্লিনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভার মাধ্যমে নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী।
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম সফর, যা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সিলেটবাসী ও আমাদের নেতাকর্মীরা তাকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।’
নিরাপত্তার বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে সিলেটের ঝুলে থাকা বিভিন্ন উন্নয়ন প্রকল্প গতি পাবে- এমনটাই প্রত্যাশা স্থানীয় সাধারণ মানুষের।
এএডি/