দেশীয় চলচ্চিত্রের ‘প্রিয়দর্শিনী’ খ্যাত চিত্রনায়িকা মৌসুমী অভিনীত সিনেমা ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ অবশেষে মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৫ মে। সিনেমাটি পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর। দেশ ছেড়ে প্রবাসজীবন বেছে নেওয়ার পর বাস্তবতা কখনো কখনো কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দেয়। বিদেশের প্রেক্ষাপটে সেই গল্প নিয়েই নির্মিত হয়েছে সিনেমাটি। সম্প্রতি সিনেমাটি সেন্সর সার্টিফিকেশন সনদ পেয়েছে।
সিনেমাটির পরিচালক হাসান জাহাঙ্গীর বলেন, ‘এ গল্পের মাধ্যমে নারীদের মর্যাদা ও সম্মানকে তুলে ধরা হয়েছে। বাংলাদেশ থেকে প্রতি বছর বহু মানুষ বিদেশে যান। পরে কীভাবে তারা টিকে থাকেন, কীভাবে একটু করে সংসার সাজান, সে সংগ্রামের পেছনের গল্পই নিয়ে এ সিনেমা। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী।’
সিনেমার ৮০ শতাংশ গল্পের শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রে। পরবর্তী পোস্টের কাজ দেশে হয়েছে। হাসান জাহাঙ্গীর জানান, এই গল্পগুলোর উপকরণ বাস্তব থেকে নেওয়া। বিদেশের জীবনসংগ্রাম সবারই কম-বেশি থাকে। পরিচালক মনে করেন, এই গল্পগুলো দর্শকদের দেখা উচিত। সিনেমাটির মুক্তি নিয়ে তিনি বলেন, ‘আমরা দুই ঈদের মাঝামাঝি সময়ে মুক্তির পরিকল্পনা করেছিলাম। এখন আমাদের কাছে ১৫ মে ভালো সময় মনে হচ্ছে। এ সময়েই আমরা মুক্তি দেব। এটি বিদেশেও, যুক্তরাষ্ট্র, কানাডাসহ বেশ কয়েকটি দেশে মুক্তি পাবে। আমরা মনে করি, গল্পটি দর্শকদের দেখা উচিত।’
এর আগে পরিচালক একই নামে ওয়েব সিরিজের ঘোষণা দিয়েছিলেন। সেটিই এখন সিনেমা হয়ে হলে মুক্তি পাবে। ডন, হাসান জাহাঙ্গীরসহ আরও অনেকে সিনেমায় অভিনয় করেছেন। পরিচালক জানালেন, ঈদে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে একটি বেসরকারি টিভি চ্যানেলে।
প্রসঙ্গত, অনেক দিন ধরেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন চিত্রনায়িকা মৌসুমী। সবশেষ মৌসুমীকে দেখা গিয়েছিল ‘সোনার চর’ সিনেমায়।
/কেএইচও