সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই ফ্লাইটের উদ্বোধন করেন।
রোববার (৩ মে) রাত ১০টায় সিলেট থেকে ৪১৯ যাত্রী নিয়ে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট মদিনার উদ্দেশে উড্ডয়ন করে।
এ সময় বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘বাংলাদেশ বিমানের নেটওয়ার্ক আরও বিস্তৃত করতে সরকার ইতোমধ্যে বোয়িং থেকে ১৪টি নতুন এয়ারক্রাফট ক্রয় করেছে। জাতীয় পতাকাবাহী এই প্রতিষ্ঠানটিকে কেবল লাভজনক করাই আমাদের লক্ষ্য নয়, বরং বিশ্ব দরবারে এটিকে একটি শক্তিশালী ও মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়াই সরকারের মূল উদ্দেশ্য।’
তিনি আরও বলেন, ‘অদূর ভবিষ্যতে বহরে আরও বেশ কিছু উড়োজাহাজ যুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে।’
চলতি মৌসুমে সিলেট থেকে মোট সাতটি ডেডিকেটেড ফ্লাইটে ৩ হাজার ৩৯৪ যাত্রী সৌদি আরব যাবেন। এর মধ্যে একটি ফ্লাইট মদিনায় ও বাকি ছয়টি ফ্লাইট জেদ্দা বিমানবন্দরে অবতরণ করবে। ছয়টি ফ্লাইটের সময়সূচি হলো যথাক্রমে ১৪ মে, ১৫ মে, ১৬ মে, ১৭ মে (২টি ফ্লাইট) ও ১৮ মে।
মোট যাত্রীদের মধ্যে ২ হাজার ৯৩৩ জন সরাসরি সিলেট থেকে যাবেন এবং অবশিষ্ট ৪৬১ জন যাত্রী ঢাকা হয়ে যাত্রা করবেন।
এই বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি হজ ব্যবস্থাপনায় মোট ৭৮ হাজার ৫০০ হজযাত্রী হজে যাবেন। সৌদি সরকার এ বছর হজ কোটা ব্যবস্থাপনায় এজেন্সি প্রতি ন্যূনতম দুই হাজার করে হজযাত্রীর সীমা নির্ধারণ দিয়েছিল।
/কেএইচও