কেরালা বিধানসভা নির্বাচনের ভোট গণনায় কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ) বড় ধরনের জয়ের দিকে এগিয়ে যাওয়ায় রাজ্যজুড়ে পরিবর্তনের হাওয়া বইছে।
সোমবার (৪ মে) গণনার প্রাথমিক প্রবণতায় ইউডিএফ জোট বিপুল ব্যবধানে এগিয়ে থাকার পর এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে কংগ্রেসের প্রভাবশালী নেতা শশী থারুর তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
থারুর জানিয়েছেন, কেরালার ভোটাররা পরিবর্তনের পক্ষে সুনির্দিষ্ট রায় দিয়েছেন এবং তারা বর্তমান সরকারের অপশাসনের বদলে নতুন কিছু প্রত্যাশা করছেন। এমনকি ক্ষমতাসীন জোটের অনেক মন্ত্রী বা বিধায়ক ব্যক্তিগতভাবে জনপ্রিয় হওয়া সত্ত্বেও ভোটাররা সার্বিক পরিবর্তনের লক্ষ্যে তাদের প্রত্যাখ্যান করেছেন বলে তিনি মনে করেন।
ভোট গণনার প্রথম কয়েক ঘণ্টার প্রবণতা অনুযায়ী, ১৪০ আসনের কেরালা বিধানসভায় ইউডিএফ জোট ৯০টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে, যেখানে সিপিআইএম নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক ফ্রন্ট (এলডিএফ) ৫০টিরও কম আসনে অবস্থান করছে। অন্যদিকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৫টি আসনে লিড দিচ্ছে।
শশী থারুর এই জয়কে ‘ঐতিহাসিক’ হিসেবে অভিহিত করে বলেছেন, ইউডিএফ বর্তমানে ৯৯টি আসনে এগিয়ে রয়েছে, যা দীর্ঘ সময় পর দলটির জন্য একটি অভূতপূর্ব ফলাফল। গণনার অর্ধেক রাউন্ডও শেষ না হওয়ায় তিনি চূড়ান্ত ঘোষণার জন্য আরও কিছু সময় অপেক্ষা করার কথা বললেও এই ধারা অব্যাহত থাকবে বলে দৃঢ় আশাবাদ প্রকাশ করেছেন।
সাক্ষাৎকারে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হতে পারেন এমন প্রশ্নের জবাবে থারুর জানান, কংগ্রেসের নিয়ম অনুযায়ী জয়ী বিধায়কদের সঙ্গে আলোচনা করে এবং দলের হাই কমান্ডের পরামর্শ অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, ‘কে মুখ্যমন্ত্রী হবেন সে বিষয়ে আমার কাছে সুনির্দিষ্ট কোনো উত্তর নেই, তবে আমাদের দলে প্রতিভাবান নেতার অভাব নেই এবং এটি দলের জন্য একটি ইতিবাচক দিক।’ এর আগে গত শনিবার কংগ্রেসের প্রবীণ নেতা পি জে কুরিয়ান জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী পদের জন্য দলে অন্তত তিনজনের নাম বিবেচনায় রয়েছে, যদিও তিনি কারও নাম প্রকাশ করেননি।
নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, কংগ্রেস এককভাবে ৫০টি আসনে, সিপিআইএম ৩১টি, আইইউএমএল ১৭টি এবং সিপিআই ১৩টি আসনে এগিয়ে রয়েছে। এই পরিসংখ্যানগুলো ইউডিএফের দাবিকৃত নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতার পক্ষেই সওয়াল করছে।
থারুরের মতে, কেরালার মানুষ গতানুগতিক ধারার অবসান চেয়েছেন এবং এই বিজয় শিক্ষিত ও সচেতন ভোটারদের পরিপক্কতারই বহিঃপ্রকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাউন্ডভিত্তিক ফলাফল আসতে শুরু করলে ইউডিএফ শিবিরের উল্লাস আরও বাড়তে দেখা গেছে। চূড়ান্ত জয় নিশ্চিত হলে কেরালায় দীর্ঘ কয়েক বছর পর আবার কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় ফিরতে যাচ্ছে।
সূত্র: এনডিটিভি
সময়ের আলো/টিএইচ