নোয়াখালীতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন ছাত্রদলের পদবঞ্চিত নেতারা। এ সময় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরকে ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগে তার নিজ জেলা নোয়াখালীতে অবাঞ্ছিত ঘোষণা করেন।
সোমবার (৪ মে) দুপুরে নোয়াখালী জেলা জামে মসজিদের সামনে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে নোয়াখালী পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ ওয়াসিম বলেন, ত্যাগী ও রাজপথের কর্মীদের বাদ দিয়ে ব্যক্তিগত অনুসারীদের দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। এতে প্রকৃত কর্মীরা বঞ্চিত হয়েছেন।
বিক্ষোভ চলাকালে বক্তারা বলেন, দ্রুত এই কমিটি বিলুপ্ত করার দাবি জানান। দাবি না মানা হলে আগামীতে হরতালসহ কঠোর কর্মসূচি ডাকের হুঁশিয়ারি দেন তারা।
এ বিষয়ে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
তবে পকেট কমিটির অভিযোগ নাকচ করে জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল বলেন, যারা পদ পাননি তারাও ত্যাগী, এটা ঠিক। কিন্তু সবাইকে একসঙ্গে পদ দেওয়া সম্ভব নয়। কমিটি গঠনে যোগ্যতা ও সাংগঠনিক বিষয় বিবেচনা করা হয়েছে। আপনারা আমার ছাত্ররাজনীতির অতীত পদ পদবিগুলো দেখেন। অতীতে আমি হামলা-মামলার শিকার হয়েছি।
বিক্ষোভ শেষে নোয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাহেদ চৌধুরী বাবু, তারেক নূর, ইয়াসিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেনসহ মোট ১০ জন নেতা পদত্যাগের ঘোষণা দেন। তবে বাকি পদত্যাগকারীদের নাম তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
/এসএকে