নড়িয়ায় পদ্মার ভাঙনে তীররক্ষা বাঁধের ৪০ মিটার বিলীন

শরীয়তপুর সংবাদদতা

সারাদেশ

শরীয়তপুরের নড়িয়ায় ১ হাজার ৪০৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মা নদীর ডান তীররক্ষা বাঁধে ধস নেমেছে। সুরেশ্বর লঞ্চঘাট ও মাছঘাট

2026-10-02T14:08:46+00:00
2026-10-02T14:08:46+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
সারাদেশ
নড়িয়ায় পদ্মার ভাঙনে তীররক্ষা বাঁধের ৪০ মিটার বিলীন
শরীয়তপুর সংবাদদতা
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ২:০৮ পিএম 
প্রতীকী ছবি
শরীয়তপুরের নড়িয়ায় ১ হাজার ৪০৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মা নদীর ডান তীররক্ষা বাঁধে ধস নেমেছে। সুরেশ্বর লঞ্চঘাট ও মাছঘাট এলাকায় ফাটল ধরা বাঁধের প্রায় ৪০ মিটার অংশ ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন অব্যাহত থাকায় নদীতীরবর্তী ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে সুরেশ্বর লঞ্চঘাট ও মাছঘাট এলাকায় বাঁধের ফাটল ধরা অংশে ধস শুরু হয়। শুক্রবার সকাল ১০টা পর্যন্ত প্রায় ৪০ মিটার বাঁধ নদীতে বিলীন হওয়ার খবর পাওয়া গেছে।

ভাঙনের খবর ছড়িয়ে পড়লে সুরেশ্বর লঞ্চঘাট ও মাছের আড়তের ব্যবসায়ীরা দোকানপাট ও মূল্যবান মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিতে শুরু করেন। নদীর তীরবর্তী বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালে নড়িয়ার সুরেশ্বর মাছঘাট থেকে জাজিরা উপজেলার বিলাসপুর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় পদ্মার ডান তীররক্ষা বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পটির ব্যয় ধরা হয় ১ হাজার ৪০৩ কোটি টাকা।

সুরেশ্বর লঞ্চঘাট ও মাছঘাট এ অঞ্চলের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। নৌপথে যাতায়াতের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ী ও ক্রেতারা এখানে মাছ কিনতে আসেন। লঞ্চঘাট ও মাছের আড়তকে ঘিরে এলাকায় গড়ে উঠেছে বিভিন্ন ব্যাবসাপ্রতিষ্ঠান, খাবারের হোটেলসহ নানা স্থাপনা।


স্থানীয়রা জানান, বুধবার হঠাৎ সুরেশ্বর লঞ্চঘাট এলাকায় তীররক্ষা বাঁধের প্রায় ৫০ মিটার অংশে ফাটল দেখা দেয়। বিষয়টি জানার পর বৃহস্পতিবার সকাল থেকেই ক্ষতিগ্রস্ত অংশে জরুরি ভিত্তিতে বালুভর্তি জিওব্যাগ ফেলার প্রস্তুতি নেয় পানি উন্নয়ন বোর্ড। তবে প্রস্তুতি শেষ হওয়ার আগেই বৃহস্পতিবার সন্ধ্যায় ফাটল ধরা অংশে ধস শুরু হয়। পরে ধীরে ধীরে বাঁধের বড় একটি অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়।

ভাঙনের খবর পেয়ে বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরণ, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. ওয়াহিদ হোসেন, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম খান এবং শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিল্টন হোসেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য সফিকুর রহমান কিরণ বলেন, এক ইঞ্চি মাটিও যেন পদ্মায় বিলীন না হয়, সে জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ভিত্তিতে বালুভর্তি জিওব্যাগ ডাম্পিং শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।

শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিল্টন হোসেন বলেন, সুরেশ্বর মাছঘাট এলাকায় তীররক্ষা বাঁধে ফাটল দেখা দেওয়ার পরপরই জরুরি ভিত্তিতে বালুভর্তি জিওব্যাগ ডাম্পিংয়ের প্রস্তুতি নেওয়া হয়। এর মধ্যেই বৃহস্পতিবার সন্ধ্যায় ফাটল ধরা অংশে ভাঙন শুরু হয়। ক্ষতিগ্রস্ত এলাকায় জিওব্যাগ ডাম্পিং অব্যাহত রয়েছে। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ভাঙন নিয়ন্ত্রণে আনা না গেলে সুরেশ্বর লঞ্চঘাট, মাছের আড়ত, আশপাশের ব্যাবসাপ্রতিষ্ঠান ও নদীতীরবর্তী জনবসতি ঝুঁকির মুখে পড়তে পারে। ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

সময়ের আলো/জোই
  বিষয়:   শড়িয়াতপুর  নড়িয়া  পদ্মার ভাঙন  তীররক্ষা বাঁধ  বিলীন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: