মহাসড়কের মাঝে বিদ্যুতের খুঁটি

শফিকুল ইসলাম, শরীয়তপুর

দুই যুগ ধরে বেহাল অবস্থায় থাকা শরীয়তপুর-ঢাকা মহাসড়ক চার লেনে উন্নীত করা হচ্ছে। কিন্তু সড়কের মাঝখানে থাকা বিদ্যুতের খুঁটি সরানো

2026-01-22T02:06:56+00:00
2026-01-22T02:06:56+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
মহাসড়কের মাঝে বিদ্যুতের খুঁটি
শফিকুল ইসলাম, শরীয়তপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ২:০৬ এএম 
বিদ্যুতের খুঁটি না সরিয়েই শরীয়তপুর-ঢাকা মহাসড়ক চার লেনে উন্নীত করা হচ্ছে। ছবি : সংগৃহীত
দুই যুগ ধরে বেহাল অবস্থায় থাকা শরীয়তপুর-ঢাকা মহাসড়ক চার লেনে উন্নীত করা হচ্ছে। কিন্তু সড়কের মাঝখানে থাকা বিদ্যুতের খুঁটি সরানো হয়নি। এতে যান চলাচলে সমস্যা হচ্ছে, বাড়ছে দুর্ঘটনা ঝুঁকি। একসময়ের সরু সড়ক এখন ৩৪ ফুট প্রশস্ত হচ্ছে। 

কিন্তু সড়কের ওপরে থাকা বিদ্যুতের ৮টি খুঁটি রেখেই কাজ করছে জেলা সড়ক ও জনপথ বিভাগ। সড়ক বিভাগ খুঁটি সরাতে পল্লী বিদ্যুৎ বিভাগে চিঠি দিলেও কোনো লাভ হয়নি। এতে যানবাহন চলাচলে সমস্যার পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কা করছেন চালক, যাত্রী ও স্থানীয়রা।

সড়ক বিভাগ জানায়, পদ্মা সেতু হয়ে শরীয়তপুর জেলা শহর থেকে ঢাকায় যাতায়াত সহজ করতে ২০২০ সালে ২৭ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার প্রকল্প অনুমোদন দেয় তৎকালীন সরকার। ভূমি অধিগ্রহণ ও সড়ক নির্মাণ মিলিয়ে খরচ ধরা হয় ১ হাজার ৬৮২ কোটি টাকা। গত সাত বছর ধরে সড়কটি সংস্কার চলছে ধীরগতিতে।

সড়ক বিভাগের কর্মকর্তারা বলছেন, একসময় এই সড়ক সরু ছিল। এখন ৩৪ ফুট প্রশস্ত হবে। এ কারণে সড়কের মধ্যে থাকা বিদ্যুতের খুঁটি সরাতে হবে। এ জন্য এক মাস আগে বিদ্যুৎ বিভাগকে চিঠি দেওয়া হয়। কিন্তু তারা কোনো উদ্যোগ না নেওয়ায় এখন খুঁটিগুলো যেভাবে আছে সেভাবে রেখেই কাজ করা হচ্ছে।

শরীয়তপুর জেলা সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মাহমুদুর রহমান বলেন, এক মাস আগেই বিদ্যুতের খুঁটিগুলো সরাতে বিদ্যুৎ বিভাগকে চিঠি দেওয়া হয়। তা ছাড়া একাধিকবার মৌখিকভাবে বলা হয়। কিন্তু কোনো ফল হয়নি। সড়কের কাজের কারণে মানুষের অনেক কষ্ট হচ্ছে। 

আর কত কষ্ট দেব! দ্রুত শেষ করার জন্য বাধ্য হয়েই খুঁটি না সরিয়েই কাজ করতে হচ্ছে। শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. আলতাফ হোসেন বলেন, যে ঠিকাদাররা বৈদ্যুতিক খুঁটি সরাবে তারা পালিয়েছে। তবু এক ঠিকাদারকে খুঁটিগুলো সরাতে বলা হয়েছে।

সরেজমিন দেখা যায়, সেনেরচর ইউনিয়নের মানিকনগর এলাকায় দুটি ও মহিউদ্দিন হাজির কান্দি এলাকায় ছয়টি খুঁটি সড়কের ভেতরে রেখেই ঢালাইয়ের জন্য সড়কের সংস্কার কাজ চলছে। কিন্তু সড়কের ভেতরেই রয়েছে বিদ্যুতের খুঁটিগুলো। কাজ শেষ হলে এসব খুঁটির কারণে যান চলাচলে সমস্যা হবে, ঘটতে পারে দুর্ঘটনা।

মাইক্রোবাসচালক নুরুজ্জামান বলেন, বাংলাদেশের অনেক হাইওয়ে সড়কে গাড়ি চালিয়েছি। কিন্তু হাইওয়ে সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখে সড়কে কাজ চলছে প্রথম দেখলাম। যেহেতু হাইওয়ে সড়কে দ্রুত গাড়ি চলে তাই দুর্ঘটনার সম্ভাবনাও বেশি থাকে। 

খুঁটিগুলো দ্রুত সরানো উচিত। জাজিরা উপজেলার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন পর সড়কের কাজ শুরু হওয়ায় আমরা খুশি। তবে বিদ্যুতের খুঁটিগুলো এখনই সরানো উচিত। তা না হলে পরে দেখা যাবে এ নিয়ে কেউ কোনো কথা বলছে না। এসব খুঁটির কারণে নানা দুর্ঘটনা ঘটবে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   মহাসড়ক  বিদ্যুতের খুঁটি 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: