আসন পেতে মরিয়া বিএনপি

গোলাম রব্বানী হিলি (দিনাজপুর)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে। এই নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৬ আসনে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। হাকিমপুর, ঘোড়াঘাট, নবাবগঞ্জ

2026-02-10T02:49:35+00:00
2026-02-10T02:49:35+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আসন পেতে মরিয়া বিএনপি
দিনাজপুর-৬ আসন
গোলাম রব্বানী হিলি (দিনাজপুর)
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৪৯ এএম 
অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন (বামে) এবং আনোয়ারুল ইসলাম। ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে। এই নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৬ আসনে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। হাকিমপুর, ঘোড়াঘাট, নবাবগঞ্জ ও বিরামপুর এই চার উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-৬ আসনে দীর্ঘদিন ধরে জামায়াত ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আধিপত্য থাকলেও আসন পেতে মরিয়া হয়ে উঠেছে বিএনপি। এখানে ধানের শীষ প্রতীকের জয় এবারের নির্বাচনে বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামী এই আসন ধরে রাখতে চায়। সব মিলিয়ে দিনাজপুর-৬ আসনে নির্বাচনি লড়াই জমজমাট হয়ে উঠেছে।

জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৭ হাজার ৬৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭৬ হাজার ৮৬, নারী ভোটার ২ লাখ ৭৯ হাজার ৫৯৩ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৩ জন। ৬৮৪ বর্গকিলোমিটার আয়তনের এই আসনে রয়েছে ৩টি পৌরসভা এবং ২৩টি ইউনিয়ন পরিষদ। ভারত সীমান্তবর্তী হওয়ায় ভৌগোলিকভাবেও আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এবারের নির্বাচনে এ আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। আর জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলের কেন্দ্রীয় শূরা সদস্য আনোয়ারুল ইসলাম। এ ছাড়া জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকে রেজাউল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের নূর আলম সিদ্দিকী হাতপাখা প্রতীকে, বাসদের প্রার্থী আব্দুল হাকিম মই প্রতীকে এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীকে আব্দুল্লাহ নির্বাচনি মাঠে রয়েছেন। তবে প্রশাসনের নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

স্থানীয় ভোটারদের সঙ্গে আলাপকালে তারা জানান, দীর্ঘদিন পরে এই আসনে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষকে জয়লাভ করাতে মরিয়া হয়ে উঠেছে বিএনপি। সরেজমিন নির্বাচনি প্রচার মাঠ ঘুরে দেখা গেছে, বিএনপি ও জামায়াতের প্রার্থী ও নেতাকর্মীরাই মূলত সক্রিয় রয়েছেন নির্বাচনি মাঠে। অন্য দলের প্রার্থীদের প্রচার তৎপরতা তেমন চোখে পড়েনি। ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের মাইকিং ও মাঝেমধ্যে হাট-বাজারে প্রচার চালালেও তাদের উপস্থিতি খুব সীমিত।

খোঁজ নিয়ে জানা গেছে, স্বাধীনতার পর থেকে এই আসনে আওয়ামী লীগ ছয়বার এবং জামায়াত দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে এবারের লড়াই করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবারের নির্বাচনে না থাকায় রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা ছিল, জামায়াতের জন্য মাঠ তুলনামূলক সহজ হবে। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. জাহিদের সক্রিয় প্রচার সেই সমীকরণ বদলে দিয়েছে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচার চালাচ্ছেন তিনি ও তার নেতাকর্মীরা। বিএনপি নেতাকর্মীরা শতভাগ বিজয়ের আশা করছেন এবং নির্বাচিত হলে তাকে মন্ত্রী হিসেবে দেখতে চান বলে জানান তারা।

অন্যদিকে আসন পুনরুদ্ধার ও ধারাবাহিকতা ধরে রাখতে চায় জামায়াতে ইসলামী। ইতিমধ্যে দিনাজপুর বড় মাঠে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. আনোয়ারুল ইসলামকে দিনাজপুর-৬ আসনের সাধারণ জনগণের হাতে তুলে দিয়েছেন। এবারের নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী দলীয় নেতাকর্মীরা। দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আনোয়ারুল ইসলাম ২০০৮ সালের নির্বাচনে মাত্র ৮৫৮ ভোটে পরাজিত হয়েছিলেন। এবারে জনগণ ন্যায়ের পক্ষে রায় দেবে বলে জামায়াতে ইসলামী দলের নেতাকর্মীদের প্রত্যাশা। উভয় দলের নির্বাচনি প্রতিশ্রুতিতে দেশের দ্বিতীয় বৃহত্তম হিলি স্থলবন্দরের উন্নয়ন, চার উপজেলার রাস্তাঘাট, স্বাস্থ্য, শিক্ষা ও বাণিজ্য সম্প্রসারণ বিশেষ গুরুত্ব পাচ্ছে।

দিনাজপুর-৬ আসনে ধানের শীষ প্রতীকের কান্ডারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ইতিমধ্যে এই আসনের চার উপজেলায় ৩টি পৌরসভা ও ২৩টি ইউনিয়নে সাধারণ জনগণের সঙ্গে মিশেছি। এ সময় তাদের স্বতঃস্ফূর্ত সমর্থন দেখেছি। জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী জাহিদ হোসেন আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। আমার প্রত্যাশা, ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন।
দিনাজপুর-৬ আসনে এবারের নির্বাচন তাই জমে উঠেছে দ্বিমুখী শক্ত প্রতিদ্বন্দ্বিতায় যেখানে জামায়াতের পুরোনো প্রভাবের মুখে বিএনপি হয়ে উঠেছে বড় চ্যালেঞ্জ। 

অন্যদিকে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের কান্ডারি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য মো. আনোয়ারুল ইসলাম বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ সরকারের জুলুম-নির্যাতন সহ্য করেছি। এ ছাড়া দীর্ঘদিন ধরে জেলা আমির ও হাকিমপুর উপজেলা জামায়াতের আমিরসহ সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন করে এসেছি। আনোয়ারুল ইসলাম আরও বলেন, এবার ভোটের মাঠে দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণের যে স্বতঃস্ফূর্ত সমর্থন দেখেছি তাতে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ও জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. ফেরদৌস রহমান বলেন, অতীতে বিএনপি-জামায়াত জোট থাকায় জামায়াত প্রার্থীকে সমর্থন দেওয়া হয়েছিল। ১৯৮৬ সালের পরে এবার বিএনপি দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচন করছে। জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, ইতিমধ্যে দিনাজপুর-৬ আসনে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান করে এই আসনের চার উপজেলাকে হাসপাতালে পরিণত করেছেন তিনি।

হাকিমপুর উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলাম বলেন, গত ১৭ বছর ধরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারের জুলুম-নির্যাতন সহ্য করে জামায়াত প্রার্থী এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন। তাই ভোটাররা এবার দাঁড়িপাল্লাকেই বিজয়ী করবেন বলে তিনি দাবি করেন।

এলাকার একাধিক ভোটার জানান, অতীতে নির্বাচিত সংসদ সদস্যদের আমলে কাক্সিক্ষত উন্নয়ন হয়নি। ডা. জাহিদ নির্বাচিত হলে মন্ত্রী হওয়ার সম্ভাবনা থাকায় তারা উন্নয়নের আশায় ধানের শীষে ভোট দিতে আগ্রহী।


  বিষয়:   নির্বাচন 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: