প্রবাসে মাফিয়াদের হাতে জিম্মি আসাদুল, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রবাস

বিদেশ নামের সোনার হরিণ ধরার জন্য লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন অসহায় ও দরিদ্র পরিবারের ছেলে আসাদুল বক্তিয়ার। কিন্তু সেই সোনার হরিনতো

2026-05-06T18:38:11+00:00
2026-05-06T18:38:11+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
প্রবাস
প্রবাসে মাফিয়াদের হাতে জিম্মি আসাদুল, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৬:৩৮ পিএম 
লিবিয়ায় মাফিয়া চক্রের হাতে জিম্মি আসাদুল বক্তিয়ার : ছবি : সংগৃহীত
বিদেশ নামের সোনার হরিণ ধরার জন্য লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন অসহায় ও দরিদ্র পরিবারের ছেলে আসাদুল বক্তিয়ার। কিন্তু সেই সোনার হরিনতো দূরের কথা এখন তার জীবন সংকটাপন্ন অবস্থায় রয়েছে। 

মাফিয়া চক্রের হাতে জিম্মি হয়ে গত দুই মাস ধরে নির্যাতনের শিকার হচ্ছেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাত্রিশিরা গ্রামের আবু বক্তিয়ারের ছেলে আসাদুল।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, আসাদুলকে নির্যাতনের ভিডিও পাঠিয়ে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে মাফিয়া চক্রের সদস্যরা। ইতোমধ্যে ধারদেনা করে ৪ লাখ টাকা দিয়েছে তার পরিবার। বাকি টাকা না দিলে আসাদুলকে হত্যার পর চার টুকরো করে মরুভূমিতে ফেলে রাখার হুমকি দিয়েছে মাফিয়ারা। 

জানা গেছে, অসহায় ও দরিদ্র পরিবারের সচ্ছলতা ফেরাতে ২০২২ সালের ১১ অক্টোবর ভিজিট ভিসায় নিকট আত্মীয় ইরফান সরদারের মাধ্যমে বৈধ পথে আসাদুল লিবিয়ায় গমন করেন। সেখানে আনজারা শহরে মসজিদের পাশে একটি দোকানে টেইলারিংয়ের কাজ করে মাসে ২০ থেকে ২৫ হাজার টাকা করে দেশে পাঠাতেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৯ রমজান সেহরি খাওয়ার পর ভোররাতে ৫-৬ জনের একটি মাফিয়া দল তাকে (আসাদুল) বাসা থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাদের আস্তানায় আটকে হাত ও পা বেঁধে উলটো করে ঝুলিয়ে রাখে। এবং বিবস্ত্র করে বেদম মারধর করা হয়। চাকু দিয়ে খুঁচিয়ে রক্ত ঝড়ানো ও হাত-পায়ের নখ উপড়ে ফেলার হুমকি দিয়ে সেই দৃশ্য ভিডিও কলে দেশে থাকা পরিবারের সদস্যদের দেখিয়ে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

লিবিয়ায় থাকা আসাদুলের শ্যালক ইরফান সরদার বিষয়টি স্থানীয় দুটি থানায় জানালে, মাফিয়া চক্রের সদস্যরা ক্ষিপ্ত হয়ে তাকেও (ইরফান) খুঁজতে শুরু করে। ফলে জীবনের নিরাপত্তাহীনতায় ইরফান গত ৩০ মার্চ পালিয়ে  বাংলাদেশে আসেন। পরে তার বোন নিপা বেগমকে সাথে নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিষয়ে জানতে পেরে মাফিয়া চক্রের সদস্যরা আসাদুলের ওপর নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেয়।

নির্যাতনের মাত্রা সইতে না পেরে ভিডিও কলে আসাদুল তার জীবন বাঁচানোর আকুতি জানান। নিরুপায় হয়ে পরিবারের সদস্যরা সুদে ৩ লাখ ও শ্বশুরবাড়ি থেকে ১ লাখ টাকা জোগাড় করে গত রবি ও সোমবার ব্যাংক এবং বিকাশের মাধ্যমে মাফিয়াদের ৪ লাখ টাকা প্রদান করে। 

কিন্তু ছেলের এমন পরিণতিতে দিশেহারা হয়ে আসাদুলের বাবা আবু বক্তিয়ার বলেন, মাফিয়ারা ৩০ লাখ টাকা চায়, দুই মাসে এক টাকাও জোগাড় করতে পারি নাই। ছেলেকে ঝুলিয়ে পিটাচ্ছে, শরীর থেকে রক্ত ঝরছে। সম্পত্তি থাকলে বিক্রি করে টাকা দিতাম। একজন বাবা হয়ে ছেলের এমন করুণ পরিণতি দেখে কীভাবে সইব? সরকার ও প্রশাসনের কাছে দাবি, আমার কলিজার টুকরাে ছেলেটাকে দেশে ফিরিয়ে এনে দিন।”

আসাদুলের মা বকুল বেগম বলেন, ওরা টাকার জন্য আমার ছেলেকে ঝুলিয়ে পিটাচ্ছে এবং চাকু দিয়ে শরীর থেকে রক্ত ঝড়াচ্ছে। আমি তো একজন মা, তা দেখে কীভাবে সহ্য করব? আমাদের সহায়-সম্বল কিছুই নেই। কীভাবে ছেলেকে ছাড়িয়ে আনব? 

দুই মাসে আমাদের নাওয়া-খাওয়া, ঘুম নেই। কীভাবে বেঁচে আছি, আল্লাহই জানেন। এরচেয়ে আল্লাহতায়ালা আমাকে কেন মৃত্যু দেয় না। বলেই কান্নায় ভেঙে পড়েন বকুল বেগম। 

আসাদুলের স্ত্রী নিপা বেগম বলেন, বাকি টাকা আগামী দুইদিনের মধ্যে না দিলে তাকে (আসাদুল) মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। স্বামী আমাকে বলে বাঁচাও, এখন আমি কী করবো? আমি কীভাবে তাকে বাঁচাব? আল্লাহ তায়ালা ছাড়া এখন আর আমাদের কোনো ভরসা নেই। 

এ ব্যাপারে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার লিখন বণিক বলেন, লিবিয়ায় আসাদুল নামের এক যুবককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের বিষয়টি আমার জানা নেই। তবে ওই পরিবারের পক্ষ থেকে আমার কাছে লিখিতভাবে জানালে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করবো।

/এসএকে


  বিষয়:   মাফিয়া  জিম্মি  আসাদুল  লাখ  টাকা  মুক্তিপণ  লিবিয়া 


Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: