লক্ষ্মীপুরের রামগতিতে পারিবারিক কলহ ও মা-বোনের ধারাবাহিক মানসিক নির্যাতন সইতে না পেরে আনোয়ার হোসেন (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার (৬ মে) সকালে উপজেলার চর আলগী ইউনিয়নের সেকান্দর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন ওই এলাকার মৃত ডা. জবিয়ল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাবা মারা যাওয়ার পর থেকেই মা কমলা বেগম ও বোনের সঙ্গে আনোয়ারের স্ত্রী ইয়াসমিনের বিরোধ চলে আসছিল। আনোয়ার বিয়ের পর থেকে এই পারিবারিক কলহ চরম আকার ধারণ করে।
নিহতের স্বজন ও প্রতিবেশীদের অভিযোগ, গত কিছুদিন ধরে মা ও বোন মিলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আনোয়ারকে গালমন্দ ও মানসিকভাবে চরম হেয়প্রতিপন্ন করে আসছিলেন।
বুধবার সকালে পরিবারের সদস্যদের সঙ্গে আনোয়ারের ব্যাপক বাকবিতণ্ডা হয়। এর কিছুক্ষণ পর বসতঘরের পেছনে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা।
এলাকাবাসীর দাবি, মা ও বোনের অনবরত অবমাননা সহ্য করতে না পেরেই আত্মহত্ব্যার পথ বেছে নিয়েছেন এই যুবক।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
/এসএকে