দেশের অন্যতম গুণী শিল্পী ফাহমিদা নবীর গাওয়া নতুন একক গান ‘খেয়ালী সুর’ প্রকাশ হলো সম্প্রতি। দেশের প্রখ্যাত সংগীত পরিচালক ও সুরকার ফুয়াদ নাসের বাবুর সুর ও সংগীতে গানটির কথা লিখেছেন আমিরুল ইসলাম অরুণ। ফাহমিদা নবীর ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে।
গানটি নিয়ে ফাহমিদা নবী বললেন, ‘দারুণ মিষ্টি সুর আর কথার গানটা আমার পছন্দের একটি গান। ফুয়াদ নাসের বাবু ভাইয়ের সুরের বিচিত্রতা দারুণ। যে তার সুরে গান করেছে তারা সবাই বলতে পারবে কত ভেরিয়েশন আছে সুরের মেলোডিতে। তার মেলোডিনির্ভর সুরই বলে দেয় তিনি সংগীত জগতের একজন তারকা। তার সঙ্গে কাজ করতে পারাটা সবসময়ই আনন্দের, সম্মানের। আর এই গানটি লিখেছেন চমৎকার করে আমিরুল ইসলাম অরুণ। গানটি শোনার আমন্ত্রণ রইল সবাইকে। ভালো কথা ও সুরের গানের শ্রোতা, গান শুনুক এটাই প্রত্যাশা।’
গানটির সুরকার ও সংগীত পরিচালক ফুয়াদ নাসের বাবু বললেন, ‘এই গানটি প্রায় দশ বছর আগে করা হয়েছিল। বলা যায় অনেকটা হঠাৎ করেই গানটি নতুনভাবে আবার উপস্থাপন করার জন্য পরিকল্পনা। যার মূল ভাবনা নুমার (ফাহমিদা নবী)। ওর গায়কী আমার বরাবরই পছন্দের, ভালো লাগার। জানি সময়ের সঙ্গে অনেক কিছুই বদলে গেছে। তবে নতুন করে গানটির সংগীতায়োজন শ্রোতাদের ভালো লাগলে, সেটিকেই এই উদ্যোগের সার্থকতা বলে মনে করব।’
এদিকে ফাহমিদা নবী নিয়মিতভাবে নিজের ইউটিউব চ্যানেলে গান প্রকাশ করছেন। অন্যের সুর করা গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি নিজেও সুর করছেন গানের। তার সুর গানগুলোও খুব দ্রুতই প্রকাশ পাবে বলে জানিয়েছেন এই গুণী শিল্পী।
সময়ের আলো/জেডি