অতীত ভুলে সামনে তাকিয়ে সিমন্স-শাহিন

ক্রীড়া প্রতিবেদক

খেলা

সময়ের ব্যবধানে ম্লান হওয়ার কথা ছিল স্মৃতি, কিন্তু প্রতিপক্ষ যখন পাকিস্তান, তখনই যেন ফিরে আসে গৌরবের সেই অধ্যায়। ২০২৪ সালে

2026-05-07T05:03:05+00:00
2026-05-07T05:03:05+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
খেলা
অতীত ভুলে সামনে তাকিয়ে সিমন্স-শাহিন
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৫:০৩ এএম 
বাংলাদেশ দলের অনুশীলনের ছবি। ছবি : সংগৃহীত
সময়ের ব্যবধানে ম্লান হওয়ার কথা ছিল স্মৃতি, কিন্তু প্রতিপক্ষ যখন পাকিস্তান, তখনই যেন ফিরে আসে গৌরবের সেই অধ্যায়। ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক সিরিজ জয়ের রেশ এখনও ছড়িয়ে আছে বাংলাদেশ শিবিরে। তবে অতীতের সাফল্যে ভর করে নয়, নতুন করে ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই এবার মাঠে নামতে চান কোচ ফিল সিমন্স। 

২০২৪ সালের আগস্ট-সেপ্টেম্বরে রাওয়ালপিন্ডিতে ২-০ ব্যবধানে সিরিজ জয় ছিল বাংলাদেশের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা অর্জন। স্বাভাবিকভাবেই এবার ঘরের মাঠে একই প্রতিপক্ষকে পেয়ে প্রত্যাশার পারদ অনেক উঁচুতে। তবে সেই সাফল্যকে সামনে এনে বর্তমানকে বিচার করতে নারাজ কোচ সিমন্স। 

Advertisement
মঙ্গলবার মিরপুরে অনুশীলনের আগে তিনি স্পষ্ট করে বলেন, ‘ওটা (২০২৪) ইতিহাস। সেই ইতিহাস এখন অতীত। আপনি ইতিহাস নিয়ে কথা বলছেন। আমরা এখন নতুন ইতিহাস গড়তে চাই। এ জন্যই আমরা শুক্রবারের দিকে তাকিয়ে আছি এবং দেখতে চাই কী হয়। তখন কী হয়েছিল তা কোনো ব্যাপার না।’ 

তিনি আরও যোগ করেন, ‘হ্যাঁ, এটা মাথায় থাকতে পারে, আগের ম্যাচ জেতার ব্যাপারটা ভেতর থেকে একটা উদ্দীপনা দেয় বটে। তবে এটা একটা নতুন খেলা, নতুন জায়গা। আমরা এখন বাংলাদেশে আছি, পাকিস্তানে নই। তাই আমাদের সে সবকিছু পেছনে ফেলে শুক্রবারের দিকে মনোযোগ দেওয়া নিশ্চিত করতে হবে।’ কোচের এমন অবস্থান স্পষ্ট করে দেয়- দল অতীতের আবেগে নয়, বর্তমানের বাস্তবতায় বিশ্বাসী। যদিও বাস্তবতা হলো, আগের সাফল্যের কারণে বাইরে প্রত্যাশা অনেক বেশি। তবে সিমন্স মনে করেন, ড্রেসিংরুমের ভেতরে চাপটা ততটা নয়, যতটা বাইরে।

দীর্ঘ সময় পর টেস্ট ক্রিকেটে ফেরা নিয়েও রয়েছে আলাদা চ্যালেঞ্জ। সবশেষ টেস্ট খেলেছে আয়ারল্যান্ডের বিপক্ষে, এরপর কেটে গেছে সাড়ে পাঁচ মাসের বেশি। এই সময়জুড়ে ক্রিকেটারদের বেশিরভাগই ব্যস্ত ছিলেন সীমিত ওভারের ক্রিকেটে- বিপিএল, পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ, আর সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ড সিরিজ।

ফলে সাদা বল থেকে লাল বলে মানিয়ে নেওয়া বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। তবে সিমন্স বিষয়টিকে দেখছেন ভিন্নভাবে, ‘এখানে মানসিক পরিবর্তনই মূল ব্যাপার। এ ছাড়া বেশ কয়েকজন আছেন, যারা সাদা বলের ক্রিকেট খেলেনি, গত কয়েক মাস ধরে লাল বলের ক্রিকেট খেলছে ও অনুশীলন করছে। তাই আমার মনে হয় এই পরিবর্তনটা আপনার ধারণার চেয়েও সহজ হবে।’ বাংলাদেশ যেখানে অতীতকে পেছনে ফেলতে চায়, পাকিস্তানও সেখানে একই পথে হাঁটছে। 

দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা পেসার শাহিন আফ্রিদি জানিয়ে দিয়েছেন, তাদের লক্ষ্য আরও বড়, ‘দেখুন, অতীত তো অতীতই। অতীতে যা ঘটেছে ব্যক্তিগতভাবে আমি তা মনে রাখতে চাই না। আমাদের লক্ষ্য হলো বর্তমান ও ভবিষ্যতের দিকে তাকানো, কীভাবে আমরা নিজেদের প্রস্তুত করব এবং কীভাবে আমরা চ্যাম্পিয়নশিপ জিতব, তা আসলে শুধু একটি সিরিজের জন্য নয়। তাই দল হিসেবে আমাদের লক্ষ্য অনেক বড় এবং হ্যাঁ, আমরা তার জন্য প্রস্তুত।’ 

অতীতের গৌরবময় স্মৃতি থাকলেও এবার লড়াইটা একেবারেই নতুন। দুদলই ভুলতে চায় পুরোনো হিসাব, লিখতে চায় নতুন গল্প। আর সেই গল্পের শুরু হতে যাচ্ছে মিরপুরে- যেখানে আবারও পরীক্ষা হবে বাংলাদেশের ধারাবাহিকতা আর পাকিস্তানের প্রতিশোধস্পৃহা।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ভুল  সিমন্স  শাহিন  ক্রিকেট 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: