‘প্রকৃতি বাঁচলে আমরা বাঁচব’—এই স্লোগানকে বুকে ধারণ করে পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে টেকনাফের উদ্দেশ্যে দুঃসাহসিক সাইকেল যাত্রা শুরু করেছেন রংপুরের পীরগঞ্জের মেধাবী তরুণ মোবাশ্বের আলী।
বৃহস্পতিবার (৭ মে) সকালে তেঁতুলিয়ার ঐতিহাসিক বাংলাবান্ধা জিরোপয়েন্ট থেকে তিনি এই ভ্রমণ শুরু করেন।
মোবাশ্বের আলী জানান, ছোটোবেলা থেকেই তার স্বপ্ন ছিল নিজের দেশকে কাছ থেকে দেখার। সেই স্বপ্ন পূরণ এবং জলবায়ু পরিবর্তন ও প্রকৃতি রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তিনি এই সফরের সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাবান্ধা জিরোপয়েন্ট থেকে শুরু হওয়া এই যাত্রায় তিনি দেশের ৪৯৫টি উপজেলা ভ্রমণ করার পরিকল্পনা করেছেন।
যাত্রা শুরুর প্রাক্কালে মোবাশ্বের আলী সংবাদমাধ্যমকে বলেন, বাংলাদেশ অত্যন্ত সুন্দর একটি দেশ। এই সৌন্দর্যকে কাছ থেকে দেখার জন্য আমি সাইকেল নিয়ে দেশ ভ্রমণে বের হয়েছি। ভ্রমণের পাশাপাশি আমার একটি বিশেষ বার্তা আছে 'প্রকৃতি বাঁচলে আমরা বাঁচব। আল্লাহ তাআলা আমাদের বাঁচার জন্য প্রকৃতিতে অনেক নেয়ামত দিয়েছেন, কিন্তু আমরা তা ধ্বংস করছি। আমি বিভিন্ন জেলা ও উপজেলার স্কুল-কলেজ এবং সাধারণ মানুষের কাছে প্রকৃতি রক্ষার প্রয়োজনীয়তা এবং আমাদের করণীয় সম্পর্কে সচেতনতামূলক বার্তা পৌঁছে দিতে চাই।
মোবাশ্বের আলী রংপুরের পীরগঞ্জ উপজেলার কৃষক রুহুল আমিনের ছেলে। তিন ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট। পীরগঞ্জের একমাত্র ইংরেজি ধারাভাষ্যকার এবং ইংরেজি ভাষী ব্লগার হিসেবে তিনি এলাকায় বেশ পরিচিত। এছাড়া তিনি পীরগঞ্জ হাজী বয়েন উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়ের অতিথি শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, অ্যাডভেঞ্চার প্রিয় এই তরুণ এর আগেও তার শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তার প্রমাণ দিয়েছেন। পীরগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত প্রায় ২৭০ কিলোমিটার পথ তিনি মাত্র ২০ ঘণ্টায় সাইকেল চালিয়ে পাড়ি দিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিলেন।
দেশ ভ্রমণ ও রোমাঞ্চকর অভিযানের প্রতি তীব্র আগ্রহ থেকেই মোবাশ্বের আলীর এই উদ্যোগ। তার এই ব্যতিক্রমী যাত্রাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুধীজন ও তরুণ সমাজ। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় তার এই প্রচারণামূলক সফর সফল হবে—এমনটাই প্রত্যাশা সবার।
সময়ের আলো/জোই