কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত এক বিশাল শপথগ্রহণ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন। শনিবার (৯ মে) প্রথমে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী।
এরপর একে একে শপথ গ্রহণ করেন নতুন মন্ত্রিসভার সদস্যরা-দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক। জানা গেছে, নতুন মন্ত্রিসভায় উত্তরবঙ্গ থেকে দুজন এবং দক্ষিণবঙ্গ থেকে তিনজন সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন। এদের মধ্যে আদিবাসী এবং মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিও রয়েছেন।
শুভেন্দু অধিকারী ভবানীপুর ও নন্দীগ্রাম আসন থেকে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে দিলীপ ঘোষ খড়্গপুর সদর, অগ্নিমিত্রা পাল আসানসোল দক্ষিণ, অশোক কীর্তনিয়া বনগাঁ উত্তর, ক্ষুদিরাম টুডু রানিবাঁধ এবং নিশীথ প্রামাণিক মাথাভাঙা আসন থেকে নির্বাচিত হন। তবে নতুন মন্ত্রিসভার দপ্তর বণ্টন এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। এর আগে ৪ মে রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজেপি ২০৭টি আসন পেয়ে সরকার গঠন করে বলে জানানো হয়। ফলাফল ঘোষণার পর থেকেই মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছিল।
শুক্রবার বিজেপির বিধায়ক দলের বৈঠকে শুভেন্দু অধিকারীকে পরিষদীয় দলের নেতা হিসেবে নির্বাচিত করা হয়। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেন।
আরবিএন