চট্টগ্রামের রাউজানে ডায়াবেটিস সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্যতিক্রমধর্মী ‘ডায়াবেটিস সেবা’ ক্যাম্পের কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (৯ মে) উপজেলার পাহাড়তলী চৌমুহনীর রহমান প্লাজার তৃতীয় তলায় পিউর ডায়াগনস্টিক সেন্টারে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের আইসিইউ ইনচার্জ ও ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ ডা. কল্লোল বড়ুয়ার ব্যক্তিগত উদ্যোগ ও তত্ত্বাবধানে এ সেবা কার্যক্রম পরিচালিত হয়।
এ কর্মসূচির আওতায় প্রতি শনিবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত রোগীরা চিকিৎসা সেবা নিতে পারবেন। এখানে ডায়াবেটিস নির্ণয়, চিকিৎসা পরামর্শ ও স্বাস্থ্য নির্দেশনার পাশাপাশি এক ঘণ্টাব্যাপী সচেতনতামূলক সেমিনারেরও আয়োজন করা হয়।
সেমিনারে ডায়াবেটিসের লক্ষণ, ঝুঁকি, জটিলতা, প্রতিরোধ, খাদ্যাভ্যাস, নিয়মিত ওষুধ সেবন, ইনসুলিন ব্যবহারের সঠিক পদ্ধতি এবং জীবনযাপনের পরিবর্তন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রথম দিনে রাউজান ও রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকা থেকে আগত ১০৬ জন রোগী ও তাদের স্বজন এতে অংশ নেন।
পরে মাত্র ৫০ টাকা ফি-এর বিনিময়ে তারা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করেন। সেবা নিতে আসা রোগীরা জানান, স্বল্প খরচে বিশেষজ্ঞ চিকিৎসা ও বিস্তারিত দিকনির্দেশনা পেয়ে তারা উপকৃত হয়েছেন। বিশেষ করে খাদ্যাভ্যাস, ব্যায়াম, ইনসুলিন ব্যবহার ও জীবনযাত্রা নিয়ন্ত্রণ বিষয়ে তারা স্পষ্ট ধারণা পেয়েছেন।
ডা. কল্লোল বড়ুয়া বলেন, ডায়াবেটিস বর্তমানে নীরব ঘাতকে পরিণত হয়েছে। সচেতনতার অভাবে অনেকেই জটিলতায় আক্রান্ত হচ্ছেন। সামাজিক দায়বদ্ধতা ও এলাকার মানুষ হিসেবে দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়মিত সচেতনতা কার্যক্রমের মাধ্যমে মানুষকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে উদ্বুদ্ধ করাই আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, শুধু ওষুধ নয়, সঠিক খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ডায়াবেটিস নিয়ন্ত্রণে অত্যন্ত জরুরি। তাই প্রতি সপ্তাহে ধারাবাহিকভাবে এই কার্যক্রম চালু থাকবে।
স্থানীয়রা মনে করছেন, এ ধরনের উদ্যোগ ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
/এসএকে