রাশিয়ায় মানবপাচার ইস্যুতে অনিবন্ধিত ও মেয়াদোত্তীর্ণ ট্রাভেল এজেন্সির কার্যক্রম নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
রোববার (১০ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি রাশিয়ায় মানবপাচারের অভিযোগে আলোচনায় আসা 'DREAM HOME TRAVELS' নামের প্রতিষ্ঠানটির ট্রাভেল এজেন্সি সনদের মেয়াদ ২০২১ সালের ৩ এপ্রিল উত্তীর্ণ হয়েছে। এম এম আবুল হাসান এই প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী।
মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে, ‘বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ আইন ২০১৩’ অনুযায়ী নিবন্ধন ছাড়া ট্রাভেল এজেন্সি পরিচালনা করা সম্পূর্ণ বেআইনি। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, অনেক এজেন্সি নিবন্ধন ছাড়াই বা মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর ব্যাবসা চালিয়ে যাচ্ছে এবং গ্রাহকদের সঙ্গে প্রতারণা ও হয়রানি করছে।
এই ধরনের প্রতারণা রোধে অনিবন্ধিত ও মেয়াদোত্তীর্ণ এজেন্সির মাধ্যমে আকাশপথের টিকিট কেনা বা ভ্রমণসংক্রান্ত কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
ভ্রমণকারীদের আর্থিক ক্ষতি এড়াতে যেকোনো টিকিট বা ট্যুর প্যাকেজ কেনার আগে ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেম (www.regtravelagency.gov.bd) থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিবন্ধনের বৈধতা যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।
সময়ের আলো/জেডি