কাউন্সিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি

রফিক রাফি

রাজনীতি

দীর্ঘ এক দশকের বেশি সময় পর দলের ৭ম জাতীয় কাউন্সিল করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এটি হবে দলের

2026-05-11T02:04:48+00:00
2026-05-11T08:52:07+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
রাজনীতি
কাউন্সিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি
রফিক রাফি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ২:০৪ এএম  আপডেট: ১১.০৫.২০২৬ ৮:৫২ এএম
প্রতীকী ছবি
দীর্ঘ এক দশকের বেশি সময় পর দলের ৭ম জাতীয় কাউন্সিল করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এটি হবে দলের প্রধান তারেক রহমানের নেতৃত্বে প্রথম কাউন্সিল। 

তাই এই কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে নতুন উদ্দীপনা ও প্রত্যাশা। সাংগঠনিক পুনর্গঠন, নতুন নেতৃত্ব নির্বাচন এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণকে সামনে রেখে এবারের কাউন্সিলকে বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। 

তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত ইতিমধ্যে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি ও আলোচনা। চলতি বছরই জাতীয় কাউন্সিল হতে পারেÑ এমন আলোচনা এখন দলের সর্বত্র। শনিবার দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও চলতি বছর কাউন্সিল হওয়ার কথা জানিয়েছেন।

একাধিক সূত্র জানিয়েছে, দলের সাংগঠনিক ভীত আরও মজবুত ও আগামী রাজনৈতিক কৌশল নির্ধারণের লক্ষ্যে জাতীয় কাউন্সিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। কাউন্সিলকে ঘিরে ইতিমধ্যে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত শুরু হয়েছে তোড়জোড়। 

নতুন নেতৃত্ব নির্বাচন, সাংগঠনিক পুনর্গঠন এবং ভবিষ্যৎ আন্দোলন-নির্বাচন কৌশল নির্ধারণে এবারের কাউন্সিলকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দল এবং এর অঙ্গ সংগঠনগুলোকে তৃণমূল থেকে পুনর্গঠন করে দ্রুততম সময়ে জাতীয় কাউন্সিল আয়োজনের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। 

কাউন্সিলের আগে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন, মহানগর ও জেলা পর্যায়ের কমিটিগুলো পুনর্গঠনের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করার কাজ শুরু হয়েছে। 

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার দিন বা দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনের দিনে জাতীয় কাউন্সিল করা হতে পারে। এটা নিয়ে আলোচনা চলছে।

সূত্র জানায়, তারেক রহমান গেল বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন এবং দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের জন্ম দিন ১৯ জানুয়ারি। এ দুটি তারিখ নিয়ে আলোচনা চলছে। 

সে হিসেবে চলতি বছরের ২৫ ডিসেম্বর বা ২০২৭ সালের ১৯ জানুয়ারি দলের ৭ম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি। তবে কাউন্সিলের দিনক্ষণ চূড়ান্ত করবেন তারেক রহমান।

বিএনপি নেতারা বলছেন, বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী তিন বছর পরপর দলের জাতীয় কাউন্সিল হওয়ার কথা থাকলেও বিগত সরকারের বাধায় গত এক দশকেও তা করা সম্ভব হয়নি। দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে ২০১৬ সালের ১৯ মার্চ সর্বশেষ ৬ষ্ঠ কাউন্সিল হয় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনে।

আগামী কাউন্সিল হবে সরকারে থেকে দলের দ্বিতীয় কাউন্সিল। বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় দলের চতুর্থ কাউন্সিল করেছিল ১৯৯৩ সালে।

দলের নেতারা এও বলছেন, চলতি বছরের শেষ দিকে সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলেছেন। সে হিসেবে ডিসেম্বরে না করে জানুয়ারিতে কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি। 

এ ছাড়া কাউন্সিলের প্রস্তুতির জন্য অনেক সময় প্রয়োজন। কারণ এবার বিএনপি সরকারে, এবারের কাউন্সিল হবে সবচেয়ে জাঁকজমকপূর্ণ। আবারও চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল!

সর্বশেষ ২০১৬ সালের কাউন্সিলের আগে দলের প্রধান হিসেবে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী রাখা হয়নি। এবারও তারেক রহমানের বিকল্প রাখা হবে না, তবে নতুন কাউন্সিলে তাকেও নির্বাচিত হতে হবে।

নেতারা বলছেন, তারেক রহমান চেয়ারম্যান হয়েছেন একবছরও পূর্ণ হয়নি। নতুন কাউন্সিলে তার কোনো প্রতিদ্বন্দ্বী থাকার আশঙ্কা নেই। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হবেন এ ছাড়া মহাসচিব হিসেবে মির্জা ফখরুলই থাকার সম্ভাবনা বেশি।

স্থায়ী কমিটিতে আলোচনায় যারা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শতাধিক পদ নানা কারণে শূন্য হয়ে পড়েছে। বিশেষ করে জাতীয় স্থায়ী কমিটির ৫টি পদ শূন্য। এসব পদে স্থান পেতে বর্তমান ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা ও যুগ্ম মহাসচিব পর্যায়ের প্রায় ২০ জন নেতার নাম আলোচনায় রয়েছে। 

তারা হচ্ছেন বরকত উল্লাহ বুলু, আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ড. আসাদুজ্জামান রিপন, অ্যাডভোকেট আহমেদ আজম খান, নিতাই রায় চৌধুরী, নূরুল ইসলাম মনি, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খন্দকার আব্দুল মোক্তাদির, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, হারুনুর রশিদ, জহির উদ্দিন স্বপন, আফরোজা খানম রিতা, আমিনুর রশিদ ইয়াসিন।

এ ছাড়া আলোচনায় রয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (শিল্প বিষয়ক) ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, হাবিবুন নবী খান সোহেল এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।

সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, চলতি বছরের শেষের দিকে বিশেষ করে বিজয়ের মাস ডিসেম্বরে দলের জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বিএনপি।

বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সহ-সম্পাদক শাম্মী আক্তার এমপি সময়ের আলোকে বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন চলতি বছরেই দলের সপ্তম কাউন্সিল করা হবে। এ ছাড়া চলতি বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচনের ভোট শুরু হতে পারে। সবাইকে প্রস্তুতি নিতে বলেছেন তিনি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সময়ের আলোকে বলেন, এবার বিএনপি সরকারে থাকায় দলের কাউন্সিল নিয়ে নেতাকর্মীদের মধ্যে আগ্রহ বেশি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও শীর্ষ নেতারা কাউন্সিলের দিনক্ষণ চূড়ান্ত করবেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সময়ের আলোকে বলেন, অতীতের চেয়ে এবারের কাউন্সিল নিয়ে আমাদের প্রত্যাশা অনেক। এখনও দিনক্ষণ ঠিক হয়নি। আশা করি এবারের কাউন্সিল হবে উৎসবমুখর। কাউন্সিলের আগেই সারা দেশে কমিটি পুনর্গঠনের চেষ্টা করব।

তিনি বলেন, তারেক রহমানই আবারও চেয়ারম্যান নির্বাচিত হবেন। কারণ তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কেউ দলে আছেন বলে মনে হয় না। তারপরও আমরা নিয়ম অনুযায়ী প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আহ্বান জানাব। কেউ চাইলে করতে পারে। কেউ করবে বলে মনে হয় না।

/এসএকে


  বিষয়:   কাউন্সিল  বিএনপি  তারেক রহমান  মির্জা ফখরুল  রাজনীতি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: