ফুটবল বিশ্বকাপ মানেই শুধু মাঠের লড়াই নয়, বিশ্বের সবচেয়ে বড় বিনোদন মঞ্চও। ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনকে আরও জমকালো করতে এবার যুক্ত হচ্ছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কেপপ তারকা লিসা।
বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয় জয় করা ব্ল্যাকপিঙ্ক সদস্য লিসা এবার ফুটবল উন্মাদনায়ও মাতাতে যাচ্ছেন দর্শকদের। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন তিনি।
আগেই গুঞ্জন ছিল, এবারের উদ্বোধনী মঞ্চে থাকবেন একজন নারী কেপপ শিল্পী। শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে লিসার নাম ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ফিফার সঙ্গে পারফরম্যান্স চুক্তিও সম্পন্ন করেছেন এই তারকা শিল্পী।
আরও পড়ুন
এবারের বিশ্বকাপ তিনটি দেশে অনুষ্ঠিত হওয়ায় উদ্বোধনী অনুষ্ঠানও সাজানো হচ্ছে ভিন্ন আঙ্গিকে। তিনটি আলাদা ভেন্যুতে হবে সংগীত ও বিনোদনের আয়োজন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন লিসা। তার সঙ্গে আরও পারফর্ম করবেন কেটি পেরি, ফিউচার এবং ডিজে স্নেক।
অন্যদিকে কানাডার টরন্টোতে থাকবেন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট ও অ্যালেসিয়া কারা। মেক্সিকোর ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে পারফর্ম করবেন মানা, আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা এবং তাইলা।
বিশ্বকাপের উদ্বোধনী আয়োজন ঘিরে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। বিশেষ করে ফুটবল ও কেপপ ভক্তদের মধ্যে লিসার অংশগ্রহণ নিয়ে বাড়ছে উত্তেজনা।
এর আগে ২০২২ কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে জাংকুক ‘ড্রিমার্স’ গান পরিবেশন করে বিশ্বজুড়ে আলোচনায় আসেন। এবার সেই ধারাবাহিকতায় বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাস গড়তে প্রস্তুত লিসা।
এএডি/