দেশে চালু হচ্ছে অনলাইন ঋণ সেবা

সময়ের আলো ডেস্ক

অর্থনীতি

দেশের ডিজিটাল ব্যাংকিং সেবাকে আরও গতিশীল ও সর্বজনীন করার লক্ষ্যে সম্পূর্ণ অনলাইনভিত্তিক ‘ই-লোন’ বা ইলেকট্রনিক ঋণ সেবা চালুর আনুষ্ঠানিক নির্দেশনা

2026-05-11T17:47:18+00:00
2026-05-11T17:47:18+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি
দেশে চালু হচ্ছে অনলাইন ঋণ সেবা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৫:৪৭ পিএম 
প্রতীকী ছবি
দেশের ডিজিটাল ব্যাংকিং সেবাকে আরও গতিশীল ও সর্বজনীন করার লক্ষ্যে সম্পূর্ণ অনলাইনভিত্তিক ‘ই-লোন’ বা ইলেকট্রনিক ঋণ সেবা চালুর আনুষ্ঠানিক নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

সোমবার (১১ মে) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। 

নতুন এই ব্যবস্থার ফলে গ্রাহকরা এখন সশরীরে ব্যাংকে না গিয়েই মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে ঋণের আবেদন থেকে শুরু করে অর্থ গ্রহণ পর্যন্ত সব প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করতে পারবেন।

সার্কুলারে জানানো হয়েছে, প্রযুক্তিনির্ভর আর্থিক সেবাকে দ্রুত ও গ্রাহকবান্ধব করতে ব্যাংকগুলোকে অবিলম্বে এই ই-লোন কার্যক্রম চালু করতে হবে। এই সেবার আওতায় একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন, যার মেয়াদ হবে সর্বোচ্চ ১২ মাস। 

ঋণের সুদের হার বাজারভিত্তিক নির্ধারিত হলেও পুনঃ অর্থায়ন সুবিধা গ্রহণকারী ব্যাংকগুলোর ক্ষেত্রে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সুদের হার হবে ৯ শতাংশ। ঋণ বিতরণ ও কিস্তি পরিশোধসহ যাবতীয় লেনদেন সম্পন্ন করতে হবে সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে।

গ্রাহকের যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কঠোর নীতিমালা নির্ধারণ করে দিয়েছে। ব্যাংকগুলো গ্রাহকের জাতীয় পরিচয়পত্র, বায়োমেট্রিক তথ্য এবং প্রয়োজনীয় ডিজিটাল যাচাইকরণ ব্যবস্থার মাধ্যমে আবেদন যাচাই করবে। 

এছাড়া ঋণ অনুমোদনের আগে অবশ্যই সংশ্লিষ্ট গ্রাহকের ঋণ তথ্য ব্যুরো বা সিআইবি প্রতিবেদন পর্যালোচনা করতে হবে এবং কোনো খেলাপি ঋণগ্রহীতা এই সুবিধা পাবেন না। একই সঙ্গে ঋণের সুদ, ফি, চার্জ ও বিলম্ব মাশুলসহ সব তথ্য গ্রাহককে আবেদনের শুরুতেই স্পষ্টভাবে জানাতে হবে এবং গ্রাহকের লিখিত সম্মতি ছাড়া কোনো অতিরিক্ত চার্জ আরোপ করা যাবে না।

নিরাপত্তার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে কেন্দ্রীয় ব্যাংক নির্দেশ দিয়েছে, প্রতিটি লেনদেনে টু-ফ্যাক্টর অথেনটিকেশন বা ওটিপি ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এছাড়া গ্রাহকের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং সাইবার ঝুঁকি মোকাবিলায় ব্যাংকগুলোকে নিজস্ব শক্তিশালী নীতিমালা প্রণয়ন ও পরিচালনা পর্ষদের অনুমোদন নিতে হবে। 

ব্যাংকাররা মনে করছেন, এই উদ্যোগের ফলে ক্ষুদ্র উদ্যোক্তা, ফ্রিল্যান্সার এবং তরুণ সমাজ খুব সহজে ও দ্রুত আর্থিক সুবিধা পাবেন, যা দেশের অর্থনীতিতে নগদ টাকার ওপর নির্ভরশীলতা কমিয়ে ডিজিটাল লেনদেনের প্রসার ঘটাবে।

সময়ের আলো/টিএইচ
Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: