পোশাক খাতের সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের তৈরি পোশাক শিল্পের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং এই খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।সোমবার

2026-05-11T21:39:24+00:00
2026-05-11T21:39:24+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
পোশাক খাতের সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৯:৩৯ পিএম 
বিকেএমইএ-এর প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ।
দেশের তৈরি পোশাক শিল্পের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং এই খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। 

সোমবার (১১ মে) বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) একটি প্রতিনিধিদল সংগঠনের সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এই প্রতিশ্রুতি দেন। 

বৈঠকে এলডিসি গ্র্যাজুয়েশন পিছিয়ে দেওয়া, বন্ধ কারখানা পুনরায় চালুর উদ্যোগ এবং শ্রম আইনের প্রয়োজনীয় সংশোধনীর বিষয়ে আলোচনা হয়। বিকেএমইএ প্রতিনিধিদল এসব ইতিবাচক পদক্ষেপের জন্য সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে চালু থাকা কারখানাগুলো যেন কোনোভাবেই বন্ধ না হয়, সে বিষয়ে কার্যকর সহযোগিতার অনুরোধ জানান।

প্রধানমন্ত্রী নিটওয়্যার খাতের উদ্যোক্তাদের কথা গুরুত্বসহকারে শোনেন এবং শিল্প খাতের ধারাবাহিকতা রক্ষায় বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন। তিনি এনবিআর ও ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন জটিলতাগুলো সুনির্দিষ্টভাবে এবং লিখিত আকারে জমা দেওয়ার জন্য ব্যবসায়ী নেতাদের পরামর্শ দেন। 

প্রধানমন্ত্রী তার বক্তব্যে শিল্পের দীর্ঘমেয়াদি উন্নয়নের লক্ষ্যে পণ্যের বহুমুখীকরণ বা ‘প্রোডাক্ট ডাইভারসিফিকেশন’ এর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বিশেষ করে সিল্ক সেক্টর ও ম্যান-মেইড ফাইবারভিত্তিক পোশাক উৎপাদন বৃদ্ধির মাধ্যমে রপ্তানি বাজার সম্প্রসারণের তাগিদ দেন তিনি। একইসঙ্গে শিল্পের প্রধান অন্তরায় জ্বালানি সংকট সমাধানের বিষয়টি তার আলোচনায় উঠে আসে।

গুরুত্বপূর্ণ এই বৈঠকে সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া আলোচনায় অংশ নেন। 

অন্যদিকে বিকেএমইএ’র পক্ষ থেকে সংগঠনটির নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, সিনিয়র সহ-সভাপতি অমল পোদ্দার, সহ-সভাপতি (অর্থ) মোরশেদ সারওয়ার সোহেলসহ অন্যান্য ঊর্ধ্বতন নেতারা উপস্থিত ছিলেন। ব্যবসায়ী নেতৃবৃন্দ মনে করছেন, সরকারের এই আন্তরিক আশ্বাস ও সঠিক দিকনির্দেশনা পোশাক খাতের স্থিতিশীলতা রক্ষায় সহায়ক হবে।

বিকেএমইএ’র পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর এই ইতিবাচক মনোভাব এবং সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি উদ্যোক্তাদের মধ্যে নতুন করে আস্থার সঞ্চার করেছে। তারা বিশ্বাস করেন, যথাযথ নীতি সহায়তা এবং ব্যাংকিং ও রাজস্ব সংক্রান্ত সমস্যার সমাধান হলে দেশের রপ্তানি প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বজায় রাখা সম্ভব হবে। 

বিশেষ করে সোলার সিস্টেমের ব্যবহার বাড়ানো এবং বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা শিল্প খাতকে আরও শক্তিশালী করবে। এই বৈঠকের মাধ্যমে সরকার ও বেসরকারি খাতের মধ্যে যে সমন্বয়ের সুযোগ তৈরি হয়েছে, তা দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

সময়ের আলো/টিএইচ
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: