স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে নাটোরে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে পূবালী ব্যাংক পিএলসি। সোমবার ( ১১ মে) দুপুরে ব্যাংকের নাটোর শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ উপলক্ষে শহরের রোজি মার্কেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা ডিজিটাল লেনদেনের সুবিধা তুলে ধরে বিভিন্ন ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
র্যালি শেষে রোজি মার্কেট চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শাখা প্রধান বিশারত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা শেখ এমদাদুল হক আল মামুন।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের রাজশাহী অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক সাজেদুর রহমান, সহকারী মহাব্যবস্থাপক আবু জাফর মো. রকিবুল্লাহ এবং রোজি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ আলম।
বক্তারা সাধারণ মানুষকে নগদ টাকার পরিবর্তে কিউআর কোড ও অনলাইন ব্যাংকিং অ্যাপ ব্যবহারের মাধ্যমে লেনদেনে উৎসাহিত করেন। তারা বলেন, ক্যাশলেস সোসাইটি গড়ে উঠলে লেনদেন হবে আরও স্বচ্ছ, নিরাপদ ও দ্রুততর।
এ ছাড়া পকেটে নগদ টাকা না রেখেও কিউআর কোড স্ক্যান করে চা-দোকান থেকে শুরু করে বড় শপিং মলেও পেমেন্ট করার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ডিজিটাল ব্যাংকিংয়ের প্রতি আস্থা ও আগ্রহ আরও বাড়াবে। অনুষ্ঠানে পূবালী ব্যাংক নাটোর শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
/এসএকে