ড্রেন দখল করে ভবন নির্মাণ

ময়মনসিংহ ব্যুরো

সারাদেশ

ময়মনসিংহ নগরীতে ড্রেনের জায়গা দখল করে ভবন নির্মাণের কারণে পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় নিয়মবহির্ভূত অংশ অপসারণে অভিযান চালিয়েছে ময়মনসিংহ সিটি

2026-05-11T23:42:18+00:00
2026-05-11T23:42:18+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
ড্রেন দখল করে ভবন নির্মাণ
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১১:৪২ পিএম 
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন। ছবি : সময়ের আলো
ময়মনসিংহ নগরীতে ড্রেনের জায়গা দখল করে ভবন নির্মাণের কারণে পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় নিয়মবহির্ভূত অংশ অপসারণে অভিযান চালিয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশন।

সোমবার ( ১১ মে ) সকালে নতুন বাজার ট্রাফিক মোড় এলাকায় সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ইউনাইটেড বিল্ডার্স ও একটি মিষ্টির দোকানের মাঝখানে সংকুচিত হয়ে যাওয়া নালার পানি প্রবাহ স্বাভাবিক রাখতে তা পুনরায় সচল করার উদ্যোগ নেওয়া হয়। সিটি প্রশাসনের এমন তৎপরতার পর ভবন মালিকরা নিজেদের ভুল স্বীকার করে নিজ খরচে ড্রেন পুনর্নির্মাণের আশ্বাস দেন।

অভিযান চলাকালে প্রশাসক রুকুনোজ্জামান রোকন সাংবাদিকদের জানান, ভবনের বেইজমেন্টে নির্ধারিত পার্কিংয়ের জায়গা দোকান হিসেবে ভাড়া দেওয়ায় ব্যস্ততম সড়কে যানবাহন রাস্তার ওপর পার্কিং করতে হচ্ছে, ফলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। তিনি বলেন, যানজট নিরসন ও জলাবদ্ধতা দূর করতে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, নগরীতে অপরিকল্পিতভাবে নতুন বহুতল ভবন নির্মাণের কারণে ড্রেনেজ ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে। ড্রেনগুলো পুনরায় সচল করতে সিটি করপোরেশন উদ্যোগ নিয়েছে। সংশ্লিষ্ট ভবন মালিকরা ড্রেন পুনরায় চালুর আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি।

জানা গেছে, অনুমোদিত নকশা লঙ্ঘন করে নির্মিত স্থাপনা অপসারণে সম্প্রতি নোটিশ দেওয়া শুরু করেছে ময়মনসিংহ সিটি করপোরেশন। এর অংশ হিসেবে নতুন বাজার এলাকার ইউনাইটেড বিল্ডার্স ও মিষ্টিকানন ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযোগ রয়েছে, ভবন দুটি নালার জায়গা দখল করে নির্মাণ করা হয়েছে। এছাড়া গার্ডেন সিটি ভবনের বেইজমেন্ট পার্কিংয়ের জায়গা বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে।

এ ঘটনায় নতুন বাজারের গার্ডেন সিটি ভবন এবং গাঙ্গীনারপাড় মোড় এলাকায় ইউনাইটেড বিল্ডার্সের সামনে নোটিশ টানিয়ে অবৈধ স্থাপনা অপসারণ ও পার্কিংয়ের বাণিজ্যিক ব্যবহার বন্ধের নির্দেশ দেয় সিটি করপোরেশন।

অভিযানকালে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমনা আল মজীদ, প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মিয়া, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, নির্বাহী প্রকৌশলী জহুরুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএকে


  বিষয়:   ড্রেন  দখল  ভবন  অভিযান  ময়মনসিংহ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: