রোমাঞ্চকর সমাপ্তির অপেক্ষায় মিরপুর টেস্ট। চতুর্থ দিন শেষে স্কোরবোর্ড বলছে, এগিয়ে বাংলাদেশ, আত্মবিশ্বাসেও এগিয়ে স্বাগতিকরা। তবে পাকিস্তানও হাল ছাড়ছে না। একদিকে বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল দেখছেন জয়ের স্বপ্ন, অন্যদিকে পাকিস্তান অধিনায়ক সালমান আগা বিশ্বাস করেন, বাংলাদেশ বড় লক্ষ্য দাঁড় করাতে পারবে না। ফলে পঞ্চম দিনের আগে দুই শিবিরেই চলছে মানসিক লড়াই।
চতুর্থ দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৫২ রান তুলেছে বাংলাদেশ। সব মিলিয়ে লিড দাঁড়িয়েছে ১৭৯ রান। হাতে আছে এখনও ৭ উইকেট। তবে ম্যাচের মোড় ঘুরে যেতে পারে দিনের প্রথম সেশনেই। কারণ তৃতীয় দিনের সকালের মতো দ্রুত উইকেট হারালে চাপে পড়ে যেতে পারে স্বাগতিকরা। রাওয়ালপিন্ডিতে ২০২৪ সালে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারানোর স্মৃতি এখনও টাটকা বাংলাদেশের ক্রিকেটারদের মনে। সেই আত্মবিশ্বাস নিয়েই ঢাকা টেস্টে মাঠে নেমেছে টাইগাররা। এখন পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণও অনেকটাই স্বাগতিকদের হাতে।
দিন শেষে সংবাদ সম্মেলনে এসে আশাবাদী কণ্ঠে বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল বলেন, স্লো তো খেলে নাই। টেস্ট ক্রিকেট যেভাবে আসলে খেলতে হয় আমি মনে করি যে আমরা ওভাবেই খেলছি। যেহেতু বৃষ্টিটা তো আমাদের নিয়ন্ত্রণের মধ্যে না, এটা এমন একটা জিনিস। আমি বলব এখনও উইকেটে যে সাহায্য আছে আমরা যদি কালকে (আজ) সকালে একটু ভালো ব্যাটিং করি, এখনও এই ম্যাচ জেতা সম্ভব।
বাংলাদেশ কত রান তুলে ইনিংস ঘোষণা করবে, সেটি এখনও চূড়ান্ত হয়নি বলেও জানান আশরাফুল।
তবে লক্ষ্য যে পরিষ্কার, সেটিও বুঝিয়ে দেন স্পষ্টভাবে। আশরাফুল বলেন, এখনও আমরা বলিনি কত রান করে ছাড়ব। কিন্তু অবশ্যই আমরা জয়ের জন্য খেলছি এবং আমাদের যে বোলিং অ্যাটাক, বিশেষ করে আমাদের স্পিন অ্যাটাক এবং ফাস্ট বোলিং অ্যাটাক নিয়ে আমরা যদি ৭০-৭৫ ওভার বোলিং করতে পারি কালকে (আজ), যদি বৃষ্টি না হয় ৯০-৯৮ ওভার খেলার সুযোগ থাকবে। ৭৫ ওভার বোলিং করতে পারলে আমি মনে করি যে আমাদের জেতার সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ।
চলতি টেস্টে দুই ইনিংসেই ওপেনারদের ব্যর্থতা নিয়ে সমালোচনা থাকলেও তাদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। আগের সিরিজের পারফরম্যান্স মনে করিয়ে দিয়ে আশরাফুল বলেন, শেষ টেস্ট সিরিজে যদি দেখেন যে আমাদের তিনটা ইনিংসে ওপেনিং পার্টনারশিপ অসাধারণ ছিল, ১০০ রানের পার্টনারশিপ ছিল। মাহমুদুল হাসান জয় তিন ইনিংসে প্রায় ২৬৫ রান বা ২৩৫ রানের মতো করেছিল। সাদমান তিন ইনিংসে প্রায় ১৯০-এর বেশি রান করেছিল, দুটি ৮০ রানের ইনিংস ছিল। জয়ের ক্যারিয়ার সেরা ১৭১ রানের একটা ইনিংস ছিল। এখানে দুটি ইনিংসে রান হয়নি কারণ আমরা জানি যে আমরা টস হেরে ব্যাটিং করেছি, অতটা সহজ ছিল না নতুন বলে টিকে থাকা।
অন্যদিকে পাকিস্তান শিবিরেও আত্মবিশ্বাসের ঘাটতি নেই। ম্যাচ জয়ের লক্ষ্য নিয়েই শেষ দিনে নামবে সফরকারীরা। বাংলাদেশের সম্ভাব্য বড় লিড নিয়ে খুব একটা চিন্তিত নন পাকিস্তান অধিনায়ক সালমান আগা। বাংলাদেশ ৭০ ওভারে ২৬০ রানের মতো লক্ষ্য দিলে পাকিস্তান তা তাড়া করবে কি না, এমন প্রশ্নে সালমান আগা বলেন, অবশ্যই আমরা জয়ের জন্য খেলব। যদি তারা ৭০ ওভারে ২৬০ রানের লক্ষ্য দেয়, তা হলে আমরা অবশ্যই রান তাড়া করব। তবে আমার মনে হয় না তারা সেটা করবে।
সালমান আগা আরও যোগ করেন, যদি তারা দুই সেশন খেলে ২৫০ বা এরকম লক্ষ্য দেয়, আমরা অবশ্যই রান তাড়া করার চেষ্টা করব। পরে উইকেটের আচরণ দেখে সিদ্ধান্ত নেব। তবে এখন আমাদের লক্ষ্য ম্যাচ জেতা। সবমিলে শেষ দিনের আগে মিরপুর টেস্ট দাঁড়িয়ে গেছে দারুণ এক রোমাঞ্চের সামনে। বাংলাদেশের লক্ষ্য বড় লিড গড়ে পাকিস্তানকে চাপে ফেলা। আর পাকিস্তান চাইবে দ্রুত উইকেট তুলে ম্যাচে ফেরার পথ তৈরি করতে।