ঝড় ও বজ্রপাতের সময় নৌকা থেকে পড়ে সাদেক আহমেদ পায়েল (৩১) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। বুধবার (১৩ মে) দুপুরে হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় সুতাং নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ পায়েল নোয়াগাঁও গ্রামের মোজাম্মেল মিয়ার ছেলে।
সূত্রে জানা গেছে, ঝড়ের সময় নৌকাযোগে সুতাং নদী পার হচ্ছিলেন পায়েল। এ সময় হঠাৎ বজ্রপাতের বিকট শব্দে তিনি ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে তলিয়ে যান।
খবর পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে জানালে বিকেলে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত পায়েলকে উদ্ধার করা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করে বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক জানান, ঝড় ও বজ্রপাতের সময় নৌকা থেকে পড়ে পায়েল নিখোঁজ হন। বর্তমানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সুতাং নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে।
/এসএকে