শিক্ষা মন্ত্রণালয় এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। সংবাদ সম্মেলনে পরীক্ষার সময়সূচি নিয়ে বিস্তারিত জানাবেন শিক্ষা এবং গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুলহক মিলন।
বৃহস্পতিবার ( ১৪ মে ) বিকেল ৩টায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক জানিয়েছেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি এবং সংশ্লিষ্ট সিদ্ধান্ত জানাতেই এ আয়োজন করা হয়েছে। এতে শিক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারাও বিস্তারিত তুলে ধরবেন।
এর আগে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে শিক্ষা প্রশাসনে নানা আলোচনা শুরু হয়। সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রতিবছর ডিসেম্বরের মধ্যেই পাবলিক পরীক্ষা শেষ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে পরীক্ষা এগিয়ে আনার প্রস্তাবকে ঘিরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মতবিরোধ দেখা দেয়।
গত বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও বিশেষজ্ঞদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে অংশীজনদের মতামতের ভিত্তিতে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরের শেষ দিকে শুরু করে জানুয়ারি পর্যন্ত চালানোর একটি প্রাথমিক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।
ধারণা করা হচ্ছে, আজকের সংবাদ সম্মেলনে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে। পাশাপাশি পরীক্ষার দীর্ঘমেয়াদি সূচি পুনর্গঠনের পরিকল্পনাও তুলে ধরা হতে পারে।
/এসএকে