পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নিয়েই স্কুলগুলোতে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করেছেন। আগামী সোমবার থেকে রাজ্যের সব সরকারি স্কুলে ক্লাস শুরুর আগে প্রাতঃকালীন প্রার্থনায় ভারতের জাতীয় গান ‘বন্দে মাতরম’ গাইতে হবে।
বৃহস্পতিবার (১৪ মে) এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।
এতে বলা হয়, 'পূর্ববর্তী নির্দেশ বাতিল করে, পশ্চিমবঙ্গ সরকার স্কুল শিক্ষা দপ্তরের অধীনে থাকা রাজ্যের সমস্ত বিদ্যালয়ে পঠনপাঠন শুরু হওয়ার আগে স্কুল অ্যাসেম্বলি বা প্রাতঃকালীন প্রার্থনার সময় ভারতের জাতীয় গান 'বন্দে মাতরম' গাওয়া তাৎক্ষণিকভাবে বাধ্যতামূলক করা হয়েছে।'
মুখ্যমন্ত্রী জানান, বিধানসভা থেকে নবান্নে গিয়েই তিনি এই নির্দেশিকা জারি করবেন।
বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, বিকৃত ইতিহাস বদলানোর এটিই সঠিক সময় এবং কেন্দ্রের নির্দেশ এখন কার্যকর হচ্ছে।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত এই গানটি ভারতের স্বাধীনতা আন্দোলনে বড়ো অনুপ্রেরণা ছিল। ১৯৫০ সালে গানটির প্রথম দুটি স্তবককে ভারতের জাতীয় গানের মর্যাদা দেওয়া হয়। ইতঃপূর্বে পশ্চিমবঙ্গে এই গান গাওয়া বাধ্যতামূলক ছিল না। আগের সব নির্দেশ বাতিল করে এখন এটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
সময়ের আলো/জেডি