আলোচিত মডেল ও চিত্রনায়িকা হুমাইরা সুবাহ দীর্ঘ দেড় বছরের গোপন বিয়ের খবর প্রকাশ্যে আনার মাত্র সাত দিনের মাথায় তার স্বামীর বিরুদ্ধে ‘পরকীয়া’র অভিযোগ তুলেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর সঙ্গে তোলা ছবি পোস্ট করে এই অভিনেত্রী ইঙ্গিতপূর্ণ হুঁশিয়ারি দিয়েছেন। সুবাহর দাবি, গত এক বছরে বিনোদন জগতের বেশ কয়েকজন কথিত মডেল ও নায়িকা তার সংসার ভাঙার চেষ্টা চালিয়েছেন এবং তার স্বামীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়েছেন। এই ঘটনায় শোবিজ অঙ্গনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।
হুমাইরা সুবাহর স্বামী হাসান একজন যুক্তরাষ্ট্রপ্রবাসী সফটওয়্যার ইঞ্জিনিয়ার। পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হলেও দীর্ঘদিন বিষয়টি গোপন ছিল। সম্প্রতি সুবাহ নিজেই বিয়ের খবরটি ভক্তদের জানান এবং অচিরেই বড় পরিসরে আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা ছিল।
কিন্তু উৎসবের আমেজ কাটতে না কাটতেই সুবাহর এমন অভিযোগ ভক্তদের অবাক করেছে। তিনি তার পোস্টে নাম প্রকাশ না করলেও কথিত সেই মডেল ও নায়িকাদের সরাসরি সতর্ক করেছেন। সুবাহর এই অভিযোগের পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে; অনেকে যেমন সেই নায়িকাদের পরিচয় জানতে চেয়েছেন, তেমনি অনেকে তাঁর স্বামীর চারিত্রিক দৃঢ়তা নিয়েও প্রশ্ন তুলেছেন।
গুঞ্জন রয়েছে, সুবাহর সঙ্গে সম্পর্কে জড়ানোর জন্য হাসান তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়েছিলেন। যদিও এই স্পর্শকাতর বিষয়টি নিয়ে হুমাইরা সুবাহ এখন পর্যন্ত সরাসরি কোনো মন্তব্য করেননি। ‘বসন্ত বিকেল’ খ্যাত এই অভিনেত্রী তার ব্যক্তিগত জীবনের সংকটগুলো এখন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন, যা নিয়ে বিনোদন পাড়ায় চলছে নানা গুঞ্জন। সুবাহর অভিযোগের তীর যাদের দিকে, তারা এই বিষয়ে এখনো কোনো পাল্টা বক্তব্য দেননি। তবে নায়িকার এমন বিস্ফোরক মন্তব্যে তার নতুন সংসারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বর্তমানে সুবাহর এই ফেসবুক পোস্টটি কেন্দ্র করে নেটিজেনদের কৌতুহল তুঙ্গে। অনেকেই মনে করছেন, ঘরোয়া অশান্তি এভাবে প্রকাশ্যে আনা ক্যারিয়ারের জন্য নেতিবাচক হতে পারে। অন্যদিকে সুবাহর ঘনিষ্ঠজনদের মতে, স্বামীর প্রতি গভীর ক্ষোভ থেকেই তিনি এমন চরম পদক্ষেপ নিয়েছেন।
বিয়ের আনন্দ উদযাপনের বদলে এখন পরকীয়ার অভিযোগ আর সংসার রক্ষার লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন এই চিত্রনায়িকা। আগামী দিনে এই বিষয়টি কোন দিকে মোড় নেয়, তা নিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্টদের মাঝে ব্যাপক আলোচনা চলছে।
সময়ের আলো/টিএইচ