ইসলামি সংস্কৃতিতে সালাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অভিবাদন এবং একই সঙ্গে এটি একটি দোয়া। একজন মুসলমান যখন অন্য মুসলিমকে ‘আসসালামু আলাইকুম’ বলে, তখন সে মূলত তার জন্য শান্তি, নিরাপত্তা ও কল্যাণ কামনা করে। সালামের অর্থ, আপনার ওপর শান্তি বর্ষিত হোক। তাই ইসলামে সালামের গুরুত্ব অনেক বেশি। এটি মানুষের মাঝে ভালোবাসা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বাড়ায়।
কিন্তু দুঃখজনকভাবে সালামকে ঘিরে আমাদের সমাজে কিছু ভুল ধারণাও প্রচলিত রয়েছে। এর মধ্যে একটি হলো, খাবার খাওয়ার সময় কাউকে সালাম দেওয়া যাবে না। অনেকেই এটিকে নিষেধ মনে করেন, অথচ এ ধারণার নির্ভরযোগ্য কোনো ভিত্তি নেই।
ইসলামের দৃষ্টিতে খাবারের সময় সালাম দেওয়া এবং সালামের উত্তর দেওয়া জায়েজ। অর্থাৎ কেউ খাবার খেতে থাকলেও তাকে সালাম দেওয়া বৈধ। তবে শিষ্টাচার ও সৌজন্যের দিক থেকে কিছু বিষয় খেয়াল রাখা উত্তম। যেমন, কারো মুখে যদি খাবার থাকে, তখন তাকে সালাম না দেওয়াই ভালো।
কারণ সে হয়ত তখন স্পষ্টভাবে সালামের উত্তর দিতে পারবে না। একইভাবে এ অবস্থায় কেউ সালাম শুনলেও তার জন্য সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া ওয়াজিব হয় না। মুখের খাবার শেষ করে পরে উত্তর দিলেও অসুবিধা নেই।
ইসলাম সবসময় সহজ, সৌন্দর্যময় ও ভদ্র আচরণকে গুরুত্ব দেয়। তাই সালামের ক্ষেত্রেও আমাদের উচিত অযথা কঠোরতা বা মনগড়া বিধান তৈরি না করা। সহনশীল ও মার্জিত আচরণ করা। সালাম একটি সুন্দর আমল, এটি মানুষের হৃদ্যতা বাড়ায় এবং সম্পর্ককে আরও মজবুত করে।
তাই আমাদের উচিত, সমাজে প্রচলিত ভুল ধারণা থেকে বের হয়ে সঠিক জ্ঞান অর্জন করা এবং ইসলামের প্রকৃত শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া।
সূত্র : আল মাকাসিদ, পৃষ্ঠা ৪৬০, আল-আসরার, পৃষ্ঠা ২৬৫
সময়ের আলো/এসএকে