গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর র্যাব-১৪ এর বিশেষ অভিযানে আন্তঃনগর ট্রেনের টিকিটসহ দুই টিকিট কালোবাজারিকে আটক করা হয়েছে। এসময় র্যাব সদস্যরা তাদের কাছ থেকে ১৪টি মোবাইল ফোন ও ৯৬৩টি সিম উদ্ধার করেন।
শুক্রবার (১৫ মে) বিকালে জামালপুর র্যাব-১৪ সিপিসি-১ এর একটি দল জামালপুর পৌর শহরের দাপুনিয়া পুরাতন জামে মসজিদ এলাকায় অভিযান চালিয়ে মো. মিনাতুর রহমান মিনাত(২৫) ও মো.শাকিব(২৪)কে সাতটি আন্তঃনগর ট্রেনের টিকিটসহ আটক করেন।
জামালপুর র্যাব-১৪, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ জানান, দীর্ঘদিন ধরে জামালপুর থেকে ঢাকা রুটে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের টিকিট কালোবাজারি করে আসছে একটি শক্তিশালী চক্র। এরা নিজেরাই বিভিন্ন সিম ও মোবাইল ফোন ব্যবহার করে অনলাইন থেকে টিকিট সংগ্রহ করে, পরবর্তীতে চড়া মূল্যে যাত্রীদের কাছে বিক্রি করতো।
এদের কারণে সাধারণ যাত্রীরা রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার থেকে কোনো টিকিটই সংগ্রহ করতে পারতেন না। আটককৃত দুই জনের বিরুদ্ধে জামালপুর সদর থানায় একটি মামলা হয়েছে।
কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ আরও বলেন, ঈদকে সামনে রেখে বেপরোয়া টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
/কেএইচও