চমক রেখেই বিশ্বকাপের দল ঘোষণা ফ্রান্সের

ক্রীড়া ডেস্ক

খেলা

আগামী জুন থেকে উত্তর আমেরিকায় শুরু হতে যাওয়া ফুটবলের মহাযজ্ঞ ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন

2026-05-16T04:30:33+00:00
2026-05-16T04:30:33+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
খেলা
চমক রেখেই বিশ্বকাপের দল ঘোষণা ফ্রান্সের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৪:৩০ এএম 
সংগৃহীত ছবি
আগামী জুন থেকে উত্তর আমেরিকায় শুরু হতে যাওয়া ফুটবলের মহাযজ্ঞ ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ও বর্তমান বিশ্বকাপ রানার্স আপ ফ্রান্স। সুপারস্টার কিলিয়ান এমবাপেকে কেন্দ্র করে ঘোষিত এই ২৬ সদস্যের ফরাসি স্কোয়াডে প্রধান কোচ দিদিয়ের দেশম রেখেছেন অভিজ্ঞতা আর তরুণ প্রতিভার এক দুর্দান্ত ভারসাম্য। কোনো বড় ধরনের নাটকীয়তা বা চমক না থাকলেও ঘরোয়া ফুটবলে দুর্দান্ত মৌসুম কাটানোর পুরস্কার হিসেবে প্রথমবারের মতো ফরাসিদের বিশ্বকাপ ডেরায় ডাক পেয়েছেন গোলরক্ষক রবিন রিসার। শিরোপার অন্যতম দাবিদার হিসেবেই এবার টুর্নামেন্টে খেলতে যাচ্ছে ফরাসিরা।

আসন্ন এই বিশ্বকাপটি ফরাসি ফুটবলে একটি যুগের অবসান ঘটাতে যাচ্ছে। ২০১২ সালে ফ্রান্স দলের দায়িত্ব নেওয়া এবং ২০১৮ সালে দলটিকে বিশ্বসেরার মুকুট জেতানো কোচ দিদিয়ের দেশমের জন্য এটিই হতে যাচ্ছে জাতীয় দলের ডাগআউটে শেষ বড় অ্যাসাইনমেন্ট। দীর্ঘ ১৪ বছরের সফল অধ্যায়ের ইতি টেনে বিশ্বকাপের পরপরই ফ্রান্সের কোচের দায়িত্ব ছাড়বেন তিনি। দেশমের বিদায়ের পর তার স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানই সবচেয়ে এগিয়ে আছেন বলে গুঞ্জন রয়েছে। রিয়াল মাদ্রিদের হয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর জিদান দীর্ঘদিন কোনো ক্লাবের ডাগআউটে বসেননি, যা তার ফ্রান্সের দায়িত্ব নেওয়ার সম্ভাবনাকে আরও জোরালো করেছে।
আরও পড়ুন

ঘোষিত স্কোয়াডে সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন গোলরক্ষক রবিন রিসার। লঁসের হয়ে সদ্য সমাপ্ত মৌসুমে পোস্টের নিচে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন তিনি, জিতেছেন লিগ ওয়ানের সেরা গোলরক্ষকের পুরস্কারও। পুরো মৌসুমে লঁসকে লিগের দ্বিতীয় সেরা রক্ষণভাগ উপহার দিতে বড় ভূমিকা রাখা এই কিপারকে মাইক মেনিয়াঁ ও ব্রিস সাম্বার ব্যাক-আপ হিসেবে তৃতীয় গোলরক্ষক হিসেবে দলে টেনেছেন দেশম। এদিকে চোটের কারণে সম্প্রতি রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করলেও, কিলিয়ান এমবাপেকে নিয়েই স্বস্তিতে আছে ফরাসি শিবির। ফরাসিদের আক্রমণের মূল কান্ডারি ২৭ বছর বয়সি এই ফরোয়ার্ডের কাঁধেই থাকছে দলের অধিনায়কের আর্মব্যান্ড। তবে স্কোয়াডে জায়গা মেলেনি রিয়ালের তরুণ মিডফিল্ড তারকা এদুয়ার্দো কামাভিঙ্গার।

এমবাপের সঙ্গে ফ্রান্সের আক্রমণভাগকে বিশ্বের অন্যতম সেরা ও ভয়ানক করে তুলবেন ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলে। এর সঙ্গে যোগ হয়েছেন দেজিরে দুয়ে, মাইকেল ওলিসে, রায়ান শেরকি ও ম্যাগনেস আকলিউশের মতো একঝাঁক তরুণ ও প্রতিভাবান ফরোয়ার্ড। বিশেষ করে ম্যানচেস্টার সিটির হয়ে প্রথম মৌসুমেই ইংলিশ ফুটবলে নজর কাড়া পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ২২ বছর বয়সি শেরকি ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। এ ছাড়া গত বিশ্বকাপের সেমিফাইনালে গোল করা রন্দাল কোলো মুয়ানির বদলে এবার দলে ডাক পেয়েছেন ক্রিস্টাল প্যালেসের স্ট্রাইকার ফিলিপ মাতেতা।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপে ফ্রান্স লড়বে ‘আই’ গ্রুপে। যেখানে নকআউট পর্বে ওঠার লড়াইয়ে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ সেনেগাল, ইরাক ও নরওয়ে। ২০১৮ সালের শিরোপা জয় এবং ২০২২ আসরের রানার্স-আপ ফ্রান্স এবার দেশমকে ট্রফি উঁচিয়েই রাজকীয় বিদায় দিতে চায় কি না, সেটাই এখন দেখার বিষয়।

এএডি/
  বিষয়:   চমক  বিশ্বকাপ  দল  ঘোষণা  ফ্রান্স 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: