শেরপুরের শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু পক্ষের সংঘর্ষে আশরাফুল ইসলাম (৩২) নামে একজন নিহত হয়েছেন। এ ছাড়াও আশরাফুলের ভাই মাহা আলম ও হাজেরাসহ উভয়পক্ষের প্রায় ১২ জন আহত হয়েছে।
সোমবার (১৮ মে) সকালে উপজেলার খড়িয়াকাজিরচর ইউনিয়নের মাদারপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আশরাফুল ওই গ্রামের বাসিন্দা। আহতরা শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শেরপুর জেলা হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারপুর গ্রামের ইউপি সদস্য নুরুল আমিনের সঙ্গে একই এলাকার আশরাফুল ইসলামের দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলছিল। গত শনিবার রাতে নুরুল আমিন মেম্বার তার লোকজন নিয়ে আশরাফুলের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় আশরাফুল বাদী হয়ে নুরল আমিন মেম্বারসহ ১১ জনকে আসামি করে রবিবার দুপুরে শ্রীবরদী থানায় একটি অভিযোগ দায়ের করেন। এর জের ধরে সোমবার সকালে পুনরায় নুরুল আমিন তার লোকজন নিয়ে আশরাফুলের বাড়িতে হামলা করে। এ সময় দু পক্ষের সংঘর্ষে আশরাফুলসহ অনেকেই গুরুতর আহত হন। পরে আহতদের শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে- কর্তব্যরত চিকিৎসক আশরাফুলকে মৃত ঘোষণা করেন।
এদিকে, আশরাফুলের মৃত্যুর খবর পেয়ে স্থানীয় লোকজন নুরুল আমিনের বাড়িতে অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শেরপুরের সহকারি পুলিশ সুপার আফসান আলম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
/মহু