বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমানের স্বাক্ষর সম্বলিত ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের ১০০০, ৫০০ এবং ১০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট বাজারে ছাড়া হচ্ছে।
সোমবার (১৮ মে) থেকে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস থেকে এই নতুন নোটগুলো আনুষ্ঠানিকভাবে ইস্যু করা শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনস (ডিসিপি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মতিঝিল অফিস ছাড়াও পরবর্তীতে পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য আঞ্চলিক অফিস থেকেও এই নতুন নোটগুলো সাধারণ মানুষের জন্য ইস্যু করা হবে।
কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন সিরিজের অংশ হিসেবে ১০০০, ৫০০ ও ১০ টাকার নোট বাজারে ছাড়ার পর পর্যায়ক্রমে গভর্নর মো. মোস্তাকুর রহমানের স্বাক্ষরে অন্যান্য মূল্যমানের তথা ২০, ৫০ ও ১০০ টাকার নতুন ব্যাংক নোটগুলোও বাজারে অবমুক্ত করা হবে। তবে নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের এই নোটগুলো বাজারে এলেও সাধারণ মানুষের লেনদেনে কোনো সমস্যা হবে না। বর্তমানে বাজারে প্রচলিত থাকা আগের সব কাগজের নোট এবং ধাতব মুদ্রা বা কয়েনগুলোও যথারীতি সচল ও বৈধ হিসেবে চালু থাকবে।
নতুন নোটগুলোর নিরাপত্তা বৈশিষ্ট্যের বিষয়ে বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করেছে, গভর্নরের স্বাক্ষর পরিবর্তন এবং নতুন ডিজাইন যুক্ত হলেও নোটগুলোর মূল রং, আকৃতি এবং ভেতরের অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য আগের নোটগুলোর মতোই অপরিবর্তিত থাকবে।
জালনোটের বিস্তার রোধ এবং দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই নতুন সিরিজের এই নোটগুলো মুদ্রণ ও প্রচলন করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সময়ের আলো/টিএইচ