রাজধানী ঢাকার পল্লবীতে অবস্থিত শহীদ জিয়া মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি পদে সাঈদুল হোসেন সাহেদকে মনোনয়ন প্রদান করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সম্প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক আদেশে তাকে এই পদে দায়িত্ব দেওয়া হয়।
সাঈদুল হোসেন সাহেদ সংবাদমাধ্যম ও প্রকাশনা জগতের একটি পরিচিত মুখ। তিনি বাংলাদেশ সংবাদপত্র ফাউন্ডেশনের সভাপতি এবং দৈনিক আজকাল পত্রিকার সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি দৈনিক দিনকাল পত্রিকায় সহ-সম্পাদক হিসেবে যুক্ত ছিলেন এবং বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান দৃষ্টিকোণের গবেষক হিসেবেও কাজ করেছেন।
ছাত্রজীবন থেকেই সাহেদ সক্রিয় রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রথম জাতীয় চলচ্চিত্র উৎসব কমিটির আহ্বায়ক ছিলেন তিনি।
ডাকসু সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে একটি জাতীয় ছাত্র কনভেনশনে ডাকসুর মুখপত্র ছাত্রবার্তার বিশেষ সাময়িকী তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতে তুলে দিয়েছিলেন তিনি। সে সময় তিনি ছাত্রবার্তার সহযোগী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।
শিক্ষানুরাগী হিসেবেও সাঈদুল হোসেন সাহেদের বিশেষ অবদান রয়েছে। এর আগে ২০০৭ সালে তিনি মিরপুর বাংলা স্কুলের শিক্ষানুরাগী সদস্য হিসেবে মনোনীত হন এবং মাত্র দশ মাসের সংক্ষিপ্ত সময়ে প্রতিষ্ঠানটিকে উচ্চ মাধ্যমিক কলেজে উন্নীত করতে সক্রিয় ভূমিকা পালন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ সমাজকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। নতুন এই দায়িত্বে অবদানের মাধ্যমে তিনি শহীদ জিয়া মহিলা কলেজের শিক্ষা ও প্রশাসনিক উন্নয়নে গতিশীলতা আনবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।