রাজবাড়ীর সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০) এর তল্লাশিতে ২২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কের গোয়ালন্দ মোড় এলাকায় একটি নছিমনে তল্লাশি চালিয়ে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ সময় শাহিনুর মোল্লা (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বৈরাগীর চর এলাকার মৃত আরজেত মোল্লার ছেলে।
র্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে গোয়ালন্দ মোড় এলাকায় অবস্থান নেয় র্যাবের একটি দল। এ সময় রাজবাড়ী থেকে ফরিদপুরগামী একটি নছিমন থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিতে নছিমনের ভেতর থেকে ২২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং শাহিনুর মোল্লাকে আটক করা হয়। উদ্ধার হওয়া ফেনসিডিলের আনুমানিক মূল্য ৬ লাখ ৬০ হাজার টাকা বলে জানায় র্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত নছিমনটিও জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, শাহিনুর দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে রাজবাড়ী, ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
র্যাব-১০ এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আরবিএন