বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে মূল্যবান ধাতু স্বর্ণের দাম আরও এক দফা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এবার ২ হাজার ১৫৮ টাকা কমে ভরির বর্তমান বাজারমূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা।
বুধবার (২০ মে) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস দাম কমানোর এই সিদ্ধান্তের কথা জানায়, যা আজ সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।
বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় বাজারে পাকা স্বর্ণের (তেজাবি স্বর্ণ) দরপতন হওয়ার কারণেই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মূল্যে এই পরিবর্তন আনা হয়েছে।
নতুন এই সমন্বয় অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ এখন বিক্রি হবে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকায়। এছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।
এর আগে গত শনিবার (১৬ মে) শেষবারের মতো স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছিল। সে সময় ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা হ্রাস করে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ধরা হয়েছিল ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।
পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা করা হয়েছিল, যা ওই দিন সকাল ১০টা থেকেই বাজারে কার্যকর হয়।
হিসাব অনুযায়ী, চলতি বছরে দেশের বাজারে এ নিয়ে মোট ৬৬ বার স্বর্ণের দামের ওঠানামা ঘটলো, যার মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয় এবং ৩১ বার কমানো হয়। আর গত ২০২৫ সালে সব মিলিয়ে ৯৩ বার স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছিল, যার ভেতর ৬৪ বার দাম বৃদ্ধি পায় এবং ২৯ বার হ্রাস পায়।
মূল্যবান এই ধাতুর দাম কমলেও দেশের বাজারে রুপার দর অপরিবর্তিত রাখা হয়েছে। বাজারে পূর্বের দামেই কেনাবেচা হচ্ছে রুপা। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৬৫৭ টাকা।
এছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৪১ টাকায়।
চলতি বছরে এ পর্যন্ত রুপার দাম মোট ৩৯ বার পুনর্নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ২১ বার দাম বেড়েছে এবং বাকি ১৮ বার কমেছে। অন্যদিকে গত ২০২৫ সালে মোট ১৩ বার রুপার দামের পরিবর্তন করা হয়েছিল, যার ভেতর ১০ বার দাম বাড়ানো হয় আর কমেছিল মাত্র ৩ বার।
সময়ের আলো/জেডি