প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৮:১৭ পিএম
ছবি : সময়ের আলোঝালকাঠির রাজাপুরে বিএনপি নেতা আনোয়ার পাশা নিপুর বিরুদ্ধে দলীয় পদ ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে। নিজের পোস্টার ও বিভিন্ন প্রচার-প্রচারণায় তিনি রাজাপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি পদটি ব্যবহার করছেন বলে অভিযোগ উঠেছে, যদিও তিনি আদৌ ওই পদে ছিলেন না। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
অভিযোগ অনুযায়ী, আনোয়ার পাশা নিপু দলীয় কর্মসূচি ও পোস্টারে নিজের নামের পাশে ‘রাজাপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি’ পদটি উল্লেখ করে প্রচার চালাচ্ছেন। তবে দলীয় সূত্র বলছে, তিনি কখনোই ওই পদে দায়িত্ব পালন করেননি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের কাজ দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এবং তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে। দলের একটি অংশ বলছে, এ বিষয়ে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে অভিযুক্ত আনোয়ার পাশা নিপুর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি আপনার সাথে কিছুক্ষণ পর যোগাযোগ করছি।
কিন্তু পরে তিনি আর যোগাযোগ করেননি।
এদিকে রাজাপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকারিয়া সুমন বলেন, রাজাপুর উপজেলা থেকে আনোয়ার পাশা নিপুকে সভাপতি হিসেবে প্রস্তাব করে একটি কমিটি ঝালকাঠি জেলা ছাত্রদলে পাঠানো হয়েছিল। কিন্তু জেলা থেকে ওই কমিটি অনুমোদিত হয়নি।
রাজাপুর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদকও একই কথা জানান। তার মতে, আনোয়ার পাশা নিপু কখনো দায়িত্ব পালন করেননি এবং দলীয় রেকর্ডে তিনি সাবেক সভাপতি হিসেবে তালিকাভুক্ত নন।
আরবিএন