চাঁদপুরের ফরিদগঞ্জে ঘুমন্ত এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ফারুক হোসেন (২৬) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। বুধবার (২০ মে) উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শালদাহ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী ওই শিশু নিজ ঘরে ঘুমিয়ে ছিল। এ সময় শিশুটির বাবা ব্যবসা প্রতিষ্ঠানে এবং পরিবারের অন্য সদস্যরা বাড়ির বাইরে ছিলেন। সুযোগ বুঝে অভিযুক্ত ফারুক হোসেন ঘরে প্রবেশ করে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে।
এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে আটক করে রাখেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে শিশুটির বাবা বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
গ্রেফতার ফারুক হোসেন উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শালদাহ গ্রামের নিলাম বাড়ির রফিকুল ইসলামের ছেলে। স্থানীয় বাসিন্দারা জানান, শিশু ধর্ষণ ও ধর্ষণচেষ্টার মতো অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে সমাজে এ ধরনের অপরাধ অনেকাংশে কমে আসবে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, শিশু নির্যাতনের ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
সময়ের আলো/আআ