অনেক দিন ধরেই টিভি নাটকে অনিয়মিত জাকিয়া বারী মম। ভালো গল্প ও চরিত্র পেলেই কেবল রাজি হচ্ছেন নাটকে অভিনয় করতে। তবে চেষ্টা করেন বিশেষ দিবস উপলক্ষে ছোটপর্দায় দর্শকদের সামনে হাজির হতে। আসন্ন ঈদুল আজহায় একাধিক নাটকে দেখা যাবে এই অভিনেত্রীকে।
এর মধ্যে ‘ভালোবেসেছিলাম’ নামের নাটকটি পরিচালনা করেছেন আবুল হায়াত। রাবেয়া খাতুনের গল্পের চিত্রনাট্যও করেছেন আবুল হায়াত নিজে। নাটকে পেয়ার উদ্দিন চরিত্রে অভিনয় করেছে রওনক হাসান, আর চুমকি চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। পেয়ার উদ্দিন একজন ইঞ্জিনিয়ার, চুমকি একজন আর্কিটেক্ট। তারা দুজন একে অপরের খুব ভালো বন্ধু। কিন্তু কেউ কখনো কাউকে বলেনি একে অপরকে ভালোবাসার কথা।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে জাকিয়া বারী মম বলেন, ‘আবুল হায়াতের মতো একজন গুণী অভিনেতা ও পরিচালকের সঙ্গে কাজ করাটা সত্যিই সৌভাগ্যের। আমি এর আগেও তার পরিচালনায় বেশ কিছু নাটকে অভিনয় করেছি।
এবার রাবেয়া খাতুনের গল্পে ‘ভালোবেসেছিলাম’ নাটকে অভিনয় করেছি আবুল হায়াতের নির্দেশনায়। কাজটি করে ভালো লাগার পাশাপাশি কিছু শিখতে পেরেছি।’ ‘ভালোবেসেছিলাম’ নাটকটি প্রচার হবে চ্যানেল আইতে।
‘ভালোবেসেছিলাম’ নাটক ছাড়াও ঈদের আরেকটি নাটকে দেখা যাবে মমকে। অরণ্য আনোয়ারের রচনায় সকাল আহমেদের পরিচালনায় ৭ পর্বের ‘দিল মোহাব্বত’ নাটকে অভিনয় করেছেন তিনি। রোমান্টিক- কমেডি ঘরানার এই নাটকে মমর বিপরীতে রয়েছেন আরফান আহমেদ। এই ধারাবাহিক নাটকটি প্রচারিত হবে বৈশাখী টিভিতে।
নাটকে চাহিদা থাকলেও কম অভিনয় করেন তিনি। এর কারণ হিসেবে মম জানান, গড়পড়তা গল্প-চরিত্রের চেয়ে অভিনয়ের পরিসর আছে এমনই গল্প খোঁজেন তিনি। নাটকের পাশাপাশি ওয়েব মাধ্যমেও ভালোবাসা কুড়িয়েছেন এই অভিনেত্রী।
/কেএইচও