ক্লোজআপ ওয়ান-খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা এবং দেশের অন্যতম ফ্যাশন হাউস বিশ্বরঙের কর্ণধার ও ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহার কণ্ঠে প্রকাশিত হয়েছে নতুন গান ‘প্রেমলীলা’। গানটির কথা লিখেছেন গীতিকার নির্মল দাস।
গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রাজন সাহা। সালমা ও বিপ্লব সাহার দ্বৈত কণ্ঠে গানটি পেয়েছে ভিন্নধর্মী আবেগ ও উপস্থাপনা। বিশ্বরঙ প্রেজেন্টসের এই আয়োজনে গানটির সঙ্গে নির্মাণ করা হয়েছে একটি মিউজিক ভিডিও, যেখানে প্রেম, সংগীত এবং বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতির আবহ ফুটিয়ে তোলা হয়েছে।
দেশীয় পোশাক, নান্দনিক সেট ও ঐতিহ্যবাহী আবহে নির্মিত ‘প্রেমলীলা’র দৃশ্যায়নে ফুটে উঠেছে বাঙালির সংস্কৃতি ও সৌন্দর্যের ছোঁয়া। গানটির সঙ্গে সামঞ্জস্য রেখে পোশাক, সাজসজ্জা ও দৃশ্য পরিকল্পনাতেও রাখা হয়েছে বিশেষ নান্দনিকতা।
গানটি নিয়ে সালমা বলেন, ‘বিপ্লব দা আমার, আমাদের প্রিয় মানুষ। দেশীয় ফ্যাশন জগতে তার অবদান অনেক। পাশাপাশি সংগীতচর্চাটাও তার অনেক দিনের। হয়তো কাজের ব্যস্ততায় সংগীতে পুরোপুরি সময়টা তার দেওয়া হয়ে উঠে না, কিন্তু তিনি একজন ভালো সংগীতশিল্পী। আমার ভালো লেগেছে গানটি গেয়ে। আয়োজনও দারুণ ছিল। আশা করছি সবার ভালো লাগবে গানটি।’
বিপ্লব সাহা তার প্রতিক্রিয়ায় বলেন, ‘গান আমার কাছে সব ক্লান্তি, অবসাদ, দুঃখ ভুলে নিজেকে পূর্ণ করে তোলার চেষ্টা। গানের প্রতি আমার এ অনুরাগ ছোটবেলা থেকেই। গান শেখাটাও আমার নিজের জন্যই।প্রতিটা মানুষেরই তো নিজস্ব একটা জগৎ থাকে। আমার সেই জগৎজুড়ে আছে রঙের খেলা আর গানের প্রতি অশেষ আবেগ। সেখান থেকেই এই চেষ্টা। আশা করছি আমাদের এই চেষ্টা সবার ভালো লাগবে।’
মিউজিক ভিডিওটির পরিচালনায় রয়েছেন বিপ্লব সাহা। চিত্রগ্রহণ করেছেন অনিক চন্দা, মেকআপে রয়েছেন জাকারিয়া মাসুদ রনি, সম্পাদনা করেছেন রাকিব আহমেদ এবং কালার করেছেন এসএম তুষার। ‘প্রেমলীলা’ মিউজিক ভিডিওটি দর্শক-শ্রোতারা বিশ্বরঙের অফিসিয়াল ফেসবুক পেজ ও বিপ্লব সাহার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন।
সময়ের আলো/এসএকে