আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে মিসর। তবে চূড়ান্ত মঞ্চে নামার আগে ফারাওদের স্কোয়াডে বড় ধরনের রদবদল এসেছে। একদিকে যেমন দলে ডাক পেয়েছেন এক বিস্ময় বালক, অন্যদিকে বাদ পড়েছেন অভিজ্ঞ এক চাবুক ফরোয়ার্ড।
ফিফার নিয়ম অনুযায়ী চূড়ান্ত স্কোয়াড হতে হবে ২৬ জনের। তাই আগামী ২৮ মে রাশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের পরেই প্রাথমিক দল থেকে একজনকে বাদ দিয়ে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন মিসরের প্রধান কোচ হোসাম হাসান।
এবারের স্কোয়াডে সবচেয়ে বড় চমক বার্সেলোনার অনূর্ধ্ব-১৯ দলে খেলা ১৮ বছর বয়সি তরুণ ফরোয়ার্ড হামজা আবদেলকারিম। মিসরের অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ১৭ ম্যাচে ১২ গোল করা এই বিস্ময় বালকের এখনও জাতীয় দলের জার্সিতে অভিষেকই হয়নি।
হামজার দলে জায়গা হওয়াটা যেমন চমক, তেমনি বড় ধাক্কা হয়ে এসেছে অভিজ্ঞ ফরোয়ার্ড মোস্তফা মোহামেদের বাদ পড়া। ফরাসি ক্লাব নঁতের হয়ে খেলা এই তারকা মিসরের হয়ে ৬১ ম্যাচে ১৪টি গোল করেছেন।
দলকে সামনে থেকে নেতৃত্ব দেবেন সুপারস্টার মোহামেদ সালাহ। এর আগে ২০১৮ বিশ্বকাপে খেললেও, এবারই প্রথম ফারাওদের অধিনায়ক হিসেবে বিশ্বমঞ্চে নামবেন লিভারপুল তারকা। আক্রমণভাগে সালাহর মূল সঙ্গী হিসেবে থাকছেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির তারকা ফরোয়ার্ড ওমর মারমুশ।
এবারের যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপে ‘জি’ গ্রুপে খেলবে মিসর। আগামী ১৫ জুন সিয়াটলে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ মিশন। এরপর ২২ জুন ভ্যাঙ্কুভারে নিউজিল্যান্ড এবং ২৭ জুন সিয়াটলে ইরানের মুখোমুখি হবে ফারাওরা।
মিসরের ২৭ সদস্যের প্রাথমিক বিশ্বকাপ স্কোয়াড :
গোলরক্ষক : মোহামেদ এল শেনাওয়ি, মোস্তফা শোবেইব, এল মাহদি সোলেমান, মোহামেদ আলা।
ডিফেন্ডার : মোহামেদ হ্যানি, তারেক আলা, হামদি ফাথি, রামি রাবিয়া, ইয়াসের ইব্রাহিম, হোসাম আবদেলমাগুইদ, মোহামেদ আবদেলমোনেম, আহমেদ ফাতুহ, কারিম হাফেজ।
মিডফিল্ডার : মারওয়ান আত্তিয়া, মোহানাদ লাশিন, নাবিল ইমাদ দোনগা, মাহমুদ সাবের, আহমেদ সায়েদ জিজো, ইমাম আশুর, মোস্তফা আবদেল রউফ জিকো, মাহমুদ ত্রেজেগে, ইব্রাহিম আদেল, হাইসেম হাসান।
ফরোয়ার্ড : মোহামেদ সালাহ (অধিনায়ক), ওমর মারমুশ, আকতাই আবদুল্লাহ, হামজা আবদেলকারিম।