সিলেট নগরে ছুরিকাঘাতে ইমন আচার্য্য নামে এক র্যাব সদস্য নিহত হয়েছেন।
শুক্রবার (২২ মে) দুপুরে নগরীর তোপখানা রোডের বনবিভাগ গেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আসাদুল আলম বাপ্পী নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে ক্বিনব্রিজ এলাকায় মাদকসেবন ও মাদক বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন মাদকসেবী ও ব্যবসায়ী পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় সাদা পোশাকে দায়িত্ব পালনরত র্যাব সদস্য ইমন আচার্য্য পুলিশের ধাওয়া খাওয়া এক সন্দেহভাজন ব্যক্তিকে আটকানোর চেষ্টা করেন। অভিযোগ রয়েছে, তখন আসাদুল আলম বাপ্পী নামে ওই ব্যক্তি ধারালো ছুরি দিয়ে ইমনের শরীরে উপর্যুপরি আঘাত করে পালানোর চেষ্টা করে।
ঘটনার পর রক্তাক্ত অবস্থায় ইমনকে দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির বলেন, পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় র্যাব সদস্য ইমন তাকে আটকানোর চেষ্টা করলে ওই ব্যক্তি ছুরিকাঘাত করে। পরে হামলাকারীকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
/এসএকে