কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিতি ও দেরিতে অফিসে আসার দায়ে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ ও বদলি করা হয়েছে বেল জানা গেছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান কর্তৃক বরিশাল ও ঢাকার বিভিন্ন সরকারি দফতরে আকস্মিক পরিদর্শনের পর এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
শুক্রবার (২২ মে) নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রতিমন্ত্রীর নির্দেশনার পর বিআইডব্লিউটিএর বরিশাল কার্যালয়ের ড্রেজিং বিভাগ থেকে ৯ জন, নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগ থেকে ২ জন, বন্দর ও পরিবহন বিভাগ থেকে ১ জন এবং হিসাব বিভাগ থেকে ১ জনসহ মোট ১৩ জন কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিকভাবে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক অবমুক্তি) করা হয়েছে। পাশাপাশি একই অভিযানে দায়িত্ব অবহেলার দায়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরও ৩ জন কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিকভাবে অন্যত্র বদলি করা হয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বরিশাল ও ঢাকায় মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি দেখেন, বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী কোনো পূর্বানুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন এবং অনেকেই নির্ধারিত সময়ের অনেক পরে অফিসে উপস্থিত হয়েছেন।
সরকারি কর্মকর্তাদের এমন দায়িত্ব-জ্ঞানহীনতায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। এরপরই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
নৌপরিবহন প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ের আওতাধীন সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থেকে শতভাগ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সরকারি দপ্তরে কাজের শৃঙ্খলা, জবাবদিহি ও নাগরিক সেবার মান নিশ্চিত করতে ভবিষ্যতেও এই ধরনের আকস্মিক ও ঝটিকা পরিদর্শন অব্যাহত থাকবে বলে সাফ জানিয়ে দেন তিনি।
/কেএইচও