মুন্সীগঞ্জ শহরের দেওভোগ এলাকায় পুকুরে গোসলে নেমে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ মে) বিকেল পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সোপান (২২) ও আজওয়াদ (২২)। সোপানের বাড়ি মুন্সীগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকায় এবং আজওয়াদের বাড়ি ঢাকার মিরপুরে।
সূত্রে জানা গেছে, সোপান ঢাকায় পড়ালেখা করা তাঁর বন্ধু ও সহপাঠীদের নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন। দুপুরে সবাই একসঙ্গে সময় কাটানোর পর বিকেল সাড়ে চারটার দিকে সোপান ও আজওয়াদ পুকুরে গোসল করতে নামেন। একপর্যায়ে সাঁতার না জানা আজওয়াদ পানিতে তলিয়ে যেতে থাকলে তাঁকে বাঁচাতে এগিয়ে যান সোপান। তবে বন্ধুকে উদ্ধার করতে গিয়ে তিনিও পানিতে ডুবে নিখোঁজ হন।
পরে স্থানীয় লোকজন ও তাঁদের বন্ধুরা পুকুরে তল্লাশি চালিয়ে দুজনকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, পানিতে ডুবে শ্বাসনালীতে পানি ঢুকে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়েছে।
মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার খোঁজখবর নেওয়া হচ্ছে। পরিবারের আবেদন ও পরিস্থিতির ওপর ভিত্তি করে প্রয়োজনে নিহতদের মরদেহের ময়নাতদন্ত করা হবে।
/এসএকে