দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় পুকুরে ভাসতে থাকা বেলুন তুলতে গিয়ে পানিতে ডুবে নিরব চন্দ্র বর্মন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার দেওগ্রাম পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিরব চন্দ্র বর্মন অনন্ত চন্দ্র বর্মনের একমাত্র ছেলে। আদরের সন্তানকে হারিয়ে পরিবারজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির সামনে একাই খেলছিল নিরব। খেলতে খেলতে তার হাতে থাকা একটি বেলুন পাশের পুকুরে পড়ে যায়। ধারণা করা হচ্ছে, বেলুনটি তুলতে গিয়েই অসাবধানতাবশত পানিতে পড়ে ডুবে যায় সে।
নিরবের প্রতিবেশী ললিতা চন্দ্র রায় জানান, দুপুর প্রায় দেড়টার দিকে পুকুরে কিছু একটা ভাসতে দেখে তিনি কাছে যান। পরে বুঝতে পারেন সেটি নিরব। তখন তিনি চিৎকার দিলে শিশুটির মা দ্রুত এসে তাকে পুকুর থেকে তুলে আনেন।
পরে স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার চেষ্টা করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেলুন নিয়ে খেলতে গিয়ে শিশুটি পুকুরে পড়ে যায়। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।
/এসএকে