গত রোজার ঈদে মুক্তির তালিকায় ছিল আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত নতুন সিনেমা ‘মালিক’। কিন্তু শুটিং শেষ না হওয়ায় তা আর সম্ভব হয়নি। এবার সিনেমার দুটি পোস্টার প্রকাশ করে মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।
এই কুরবানির ঈদেই প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি। সম্প্রতি পরিবেশনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়া পোস্টার প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
ঘোষণার পরদিন প্রকাশ করা হয় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা আরিফিন শুভর একক লুক পোস্টার। গম্ভীর, রুক্ষ আর রহস্যময় সেই লুকে ধরা দেন শুভ। পোস্টারটি নিজের ফেসবুক পেজে শেয়ার করে তিনি লেখেন, ‘ঈদ মোবারক, মালিক।’
প্রকাশ করা হয়েছে সিনেমাটির দ্বিতীয় পোস্টার। সেখানে দেখা যায় রোমান্টিক মুডে ধরা দিয়েছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। পোস্টারটি নিজের ফেসবুকে শেয়ার করে লাভ ইমোজি জুড়ে দিয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান মিম।
সিনেমাটির পরিচালক সাইফ চন্দন জানান, বর্তমানে কলকাতায় চলছে সিনেমাটির শেষ মুহূর্তের পোস্ট প্রোডাকশনের কাজ। সিনেমাটি মুক্তির সব প্রস্তুতি শেষ।
এখন একের পর এক প্রচারের রসদ প্রকাশ করা হবে। সেন্সর সার্টিফিকেট পাওয়ার পর চূড়ান্তভাবে মুক্তির পরিকল্পনা ও প্রচার শুরু হবে। ‘মালিক’ সিনেমার মাধ্যমে দীর্ঘ সাত বছর পর বড়পর্দায় একসঙ্গে ফিরছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম।
সবশেষ তারা জুটি বেঁধেছিলেন গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সাপলুডু’ সিনেমায়। এটি মুক্তি পেয়েছিল ২০১৯ সালে।
/এসএকে